Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিল্লি ক্যাপিটালসের

চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই ছন্দ হারিয়েছে অক্ষর প্যাটেলের দল

গুজরাতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিল্লি ক্যাপিটালসের
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই ছন্দ হারিয়েছে অক্ষর প্যাটেলের দল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। এমন পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে শক্তিশালী গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি, যা তাদের কাছে অগ্নিপরীক্ষার শামিল। এমন পরিস্থিতিতে চেনা ছন্দ ফিরে পাওয়াই লক্ষ্য অক্ষরদের। প্লে-অফের অঙ্কের নিরিখে দিল্লির কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে টেবিলে পঞ্চম স্থানে আছেন লোকেশ রাহুলরা। অন্যদিকে, প্লে-অফে ওঠা কার্যত পাকা করে ফেলেছে গুজরাত। ১১ ম্যাচে শুভমান গিলদের সংগ্রহ ১৬ পয়েন্ট।

Advertisement

বোলিং ব্যর্থতার কারণেই ছন্দপতন ঘটেছে দিল্লির। তার উপর আইপিএলের বাকি ম্যাচগুলিতে মিচেল স্টার্ককে পাবে না রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। জেক ফ্রেজারের পরিবর্তে অবশ্য মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে এনওসি’ও পেয়ে গিয়েছেন এই তারকা পেসার। মিচেল স্টার্কের অভাব তিনি ঢাকতে পরেন কিনা, সেটাই দেখার। এছাড়া পেস আক্রমণে রয়েছেন মুকেশ কুমার। স্পিন বিভাগে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের পাশাপাশি ভিপরাজ নিগম রয়েছেন। ব্যাটিংয়েও সমস্যা রয়েছে দিল্লির। করুণ নায়ারকে ওপেনিংয়ে পরখ করা হয়েছিল, তবে তিনি ব্যর্থ হয়েছেন। ফাফ ডু’প্লেসি, অভিষেক পোড়েল জুটিও সেভাবে দাগ কাটতে পারেনি। তাই লোকেশ রাহুলকে ওপেন করানোর কথা ভাবছে থিঙ্কট্যাঙ্ক। চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে এই ভারতীয় তারকা। মিডল অর্ডারে রয়েছেন ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা।
পক্ষান্তরে, গুজরাতের শক্তি তাদের টপ অর্ডার। চলতি আসরে দুরন্ত ফর্মে রয়েছেন দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। তিনে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম জস বাটলার। টপ অর্ডার ফর্মে থাকায় গুজরাতের মিডল অর্ডার সেভাবে পরীক্ষার মুখেই পড়েনি। বোলিংয়ে পেস বিভাগে গুজরাতকে ভরসা দিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মারা। স্পিন বিভাগে আছেন রশিদ খান, সাই কিশোর। 
 খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ