প্রীতেশ বসু, কলকাতা: ‘১০০ দিনের কাজ’-এর সঙ্গে যুক্ত জবকার্ড হোল্ডারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নতি প্রকল্প চালু করেছিল কেন্দ্র। ২০২৫ সালের মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও এই প্রকল্প ২০২৬ সালের মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এ সংক্রান্ত একটি চিঠিও পাঠানো হয়েছে প্রতিটি রাজ্যকে। শনিবার চিঠি পেয়েছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, রাজ্যের সংশ্লিষ্ট সচিব তথা মনরেগা কমিশনারকে দেওয়া চিঠির সঙ্গেই জবকার্ড হোল্ডারদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গাইডলাইন কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, উন্নতি প্রকল্পের মূল লক্ষ্যই হল ‘১০০ দিনের কাজ’-এর অদক্ষ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে তাঁদের জীবনজীবিকা নিশ্চিত করা। মনরেগার অধীনে অন্তত ৬০ দিনের কাজ করলেই ৪৫ বছর বয়স পর্যন্ত এই প্রশিক্ষণের জন্য আবেদন করা যেতে পারে। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রধান পরিবারগুলিকে। প্রতিটি পরিবার পিছু দু’জন করে প্রশিক্ষণের সুবিধা পাবেন। প্রশিক্ষণের সঙ্গে স্টাইপেন্ডও দেওয়া হবে, যা সরাসরি জমা পড়বে সংশ্লিষ্ট জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ, গত সাড়ে তিন বছর ধরে ‘১০০ দিনের কাজ’-এর কোনও অর্থ এবং শ্রমদিবস বরাদ্দ না করেই রাজ্যের আড়াই কোটি জবকার্ড হোল্ডারকে উন্নতি প্রকল্পের অধীনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলল কেন্দ্র।



