হায়দরাবাদ: তেলেঙ্গানার ওষুধ কারখানা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭। আহতদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ডিএসপি পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে ৩১ জনের মৃতদেহ উদ্ধার হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনেককে। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। তবে উদ্ধারকাজ এখন শেষ হয়নি, জানিয়েছেন ডিএসপি পঙ্কজ। এদিকে, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। সঙ্গে ছিলেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। পরে হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে মৃতদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ১০ লক্ষ টাকা। প্রাথমিকভাবে, নিহত শ্রমিকদের পরিবারকে ১ লক্ষ টাকা দেওয়া হবে, আহতরা পাবেন ৫০হাজার টাকা।



