Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোরে দরজা খুলতেই বিপত্তি, বৃদ্ধাকে লাঠি দেখিয়ে চুরি বারুইপুরে

ভোরে ঘুম থেকে উঠে সদর দরজা খুলতেই বিপত্তি। বাড়িতে ঢুকে ৭৫ বছরের বৃদ্ধাকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ভোরে দরজা খুলতেই বিপত্তি, বৃদ্ধাকে লাঠি দেখিয়ে চুরি বারুইপুরে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ভোরে ঘুম থেকে উঠে সদর দরজা খুলতেই বিপত্তি। বাড়িতে ঢুকে ৭৫ বছরের বৃদ্ধাকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বৃদ্ধার হাতে থাকা তিনটি সোনার আংটি ও একটি কানের দুল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোতলার ঘরে ঢুকে বাক্স তছনছ করে বেশ কিছু নগদ টাকাও নিয়ে গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুরের ১৫ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, চুরির সময় বাড়ির অন্য ঘরগুলিতে পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা অনেকেই ঘুমিয়ে ছিলেন। একই সঙ্গে তাঁদের ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যাতে বেরতে না পারেন। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই ওই ঘরগুলির তালা খুলে দেন। এরপরে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিস এলাকায় এসে তদন্ত শুরু করেছে। পুলিস চুরির মামলা রুজু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। 
বৃদ্ধা মায়া মণ্ডল বলেন, ভোর চারটে নাগাদ ঘুম থেকে উঠে সদর দরজা খুলি। তখনই এক দুষ্কৃতী লাঠি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঘরে টেনে নিয়ে গিয়ে বলে, যা আছে বের করে দে। জোর করে আমার হাতের তিনটি সোনার আংটি ও এক জোড়া কানের দুল নিয়ে নেয়। দুষ্কৃতীর মুখে কাপড় বাঁধা ছিল। দোতলার ঘরে ঢুকেছিল আরও একজন। ছেলের নাইট ডিউটি থাকায় রাতে ওই ঘরে কেউ ছিল না। তাই ঘর খোলা ছিল। সেই ঘরে ঢুকে বাক্স থেকে কিছু নগদ টাকা বার করে নেয়। বৃদ্ধার নাতবউ তনুশ্রী মণ্ডল বলেন, দু’জন ঢুকেছিল বাড়িতে। চলে যাওয়ার সময় আমাদের ঘরের বাইরে তালা মেরে দিয়ে গিয়েছিল। যাতে আমরা কেউ বাইরে বের হতে না পারি। পরে প্রতিবেশীরা এসে আমাদের দরজা খুলে দেয়। ঘটনার পরে এলাকায় আতঙ্ক নেমেছে। হাসপাতাল লাগোয়া এলাকার এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেশীরা বলেন, এর আগেও এই বাড়িতে চুরি হয়েছিল। ইদানিং চোরের উৎপাত বেড়েছে প্রায় এলাকাতেই। পুলিসের আরও নজরদারি বাড়ানো উচিত।

সম্পর্কিত সংবাদ