


জয়পুর: কথায় বলে, মরা হাতির দাম লাখ টাকা! এদিকে, পুষ্করের গবাদি পশু মেলায় হাজির ২৩ কোটি দামের মোষ। তাকে জোর টক্কর দিতে পারে ১৫ কোটির ঘোড়া। আগামী ৩০ অক্টোবর শুরু হতে চলেছে পুষ্করের বিখ্যাত গবাদি পশু মেলা। তার আগেই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন পশুপ্রেমিরা। কারণ ইতিমধ্যেই মেলায় হাজির আনমোল, শাহবাজরা।
পুষ্করের মেলার অন্যতম আকর্ষণ আনমোল, আসলে একটি মোষ। তবে সে সাধারণ নয়। দশাসই চেহারা তাকিয়ে দেখার মতো। গায়ের রং কুচকুচে কালো। তবে তা এতটাই পরিষ্কার যে সূর্যের আলো ঠিকরে পড়ছে। দেখে মনে হবে, বড় মাপের কোনও কুস্তীগির গায়ে তেল মেখে লড়াইয়ে নামার জন্য তৈরি হচ্ছেন। এর আগেও মেলায় এসেছে আনমোল। বিভিন্ন প্রতিযোগিতায় সেরার সেরা শিরোপা তার ঝুলিতেই গিয়েছে বহুবার। এসব তো আর এমনি এমনি হয় না! জানা গেল, তার ডায়েটে প্রতিদিন অন্তত ২০টা ডিম, দুধ, ঘি এবং ড্রাইফ্রুট থাকে। বর্তমানে আনমোলের ওজন ১৫০০ কেজি। প্রতিদিন বাদাম তেল মাখিয়ে স্নান করানো হয়। এতকিছুর জন্যই দাম আকাশছোঁয়া। এবারের মেলায় ২৩কোটি টাকা দাম রাখা হয়েছে আনমোলের। অবশ্য একা আনমোল নয়, মেলায় রয়েছে রানা নামের এক মোষ। তার দাম ২৫ লক্ষ টাকা। ওজন ৬০০ কেজি। এর ডায়েটেও থাকে ডিম, তেল, দুধ, ঘি সহ অনেক কিছু। এছাড়া রয়েছে বিশেষ এক গোরু। বিশেষ বলার কারণ তার উচ্চতা। মাত্র ১৬ ইঞ্চির এই গোরুটিকে দেখতেও অনেকেই ভিড় জমাতে পারেন। জয়পুর থেকে এই বামন গোরুটিকে নিয়ে এসেছেন অভিনব তিওয়ারি। তাঁর কথায়, এই প্রজাতির গোরুর উচ্চতা এমনই হয়। মেলায় আরও ১৫ খানা বিশেষ ধরনের গোরু এনেছেন অভিনব। তবে এবারের মেলার মধ্যমণি শাহবাজ। আজমির থেকে এসেছে এই কালো ঘোড়া। বয়স মাত্র আড়াই বছর। এর মধ্যেই চেহারা এবং তেজের দাপটে বহু পুরস্কার জিতেছে শাহবাজ। এবারের মেলায় তার দাম রাখা হয়েছে ১৫ কোটি টাকা। মালিকের দাবি ইতিমধ্যেই শাহবাজকে কেনার জন্য ৯ কোটি টাকা দিতে রাজি হয়েছেন কেউ কেউ। আগামী ৫ নভেম্বর অবধি চলবে এই মেলা। কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৪৩০০ পশুর নাম নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৩০২৮টি ঘোড়া রয়েছে। প্রতিবারের মত এবারও মেলা সফল হবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।