Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জুতো সরিয়ে ওষুধের দোকানের ক্যাশবাক্স ফাঁকা করল দুষ্কৃতীরা

বেনজির কেপমারি হিন্দমোটরে। খোয়া গেল ওষুধ ব্যবসায়ীর টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। কেপমারি পর্বের একাংশ ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

জুতো সরিয়ে ওষুধের দোকানের ক্যাশবাক্স ফাঁকা করল দুষ্কৃতীরা
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বেনজির কেপমারি হিন্দমোটরে। খোয়া গেল ওষুধ ব্যবসায়ীর টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। কেপমারি পর্বের একাংশ ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আর তা থেকেই ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকান মালিকের বাবার জুতো চুরি করে তাঁকে ওইদিকে ব্যস্ত করে রেখেছিল কেপমাররা। সেই ফাঁকে ক্যাশবাক্স ফাঁকা করে দেয় তারা। দোকান মালিকের দাবি, প্রায় দশ হাজার টাকা খোয়া গিয়েছে। এনিয়ে ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক মনোজ মুখোপাধ্যায়। তবে কোন্নগর ও উত্তরপাড়া এলাকায় লাগাতার কেপমারি ও চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই উদ্বিগ্ন।

Advertisement

হিন্দমোটরের বি বি স্ট্রিটে ওষুধের দোকান আছে মনোজবাবুর। বুধবার সকালে দোকানে ছিলেন মনোজবাবুর বাবা বিপ্লব মুখোপাধ্যায়। দোকান খোলার পর এক বৃদ্ধ তাঁর দোকানে আসেন এবং ওষুধ কিনে নিয়ে চলে যান। তারপর এক যুবক আসে এবং বেশ কিছু ওষুধ নিয়ে তত্ত্বতলাশ করে গুটিকয় ওষুধ নিয়ে চলে যায়। এরপর আচমকা বিপ্লববাবু দেখেন, তাঁর একপাটি জুতো দোকানের বাইরে থেকে গায়েব হয়ে গিয়েছে। তিনি বাইরে বেরিয়ে জুতো খুঁজতে শুরু করেন। তখন এক যুবক এসে তাঁকে বলে, আমি দেখলাম একটি কুকুর একপাটি জুতো মুখে করে নিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিক প্রতিক্রিয়াতেই বিপ্লববাবু জুতো খুঁজতে দোকান ছেড়ে বেরিয়ে পড়েন। তাঁর পিছু পিছু ওই যুবকও যায়। পরে বিপ্লববাবু দোকানে ফিরে দেখেন, ক্যাশবাক্স ফাঁকা। 
মনোজবাবু বলেন, গোটাটাই একটা ছক। জুতো দুষ্কৃতীরাই সরিয়ে রেখেছিল। সবটাই আমরা সিসি ক্যামেরায় দেখেছি। একটি গ্যাং এই কাজ করেছে। উত্তরপাড়ার সমস্ত এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ