Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃহত্তর বাম ঐক্যে ফাটল! ইজরায়েল বিরোধী মিছিলে ব্রাত্য রইল এসইউসি

প্যালেস্তাইন-ইরানে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তি থেকে থিয়েটার রোডের হো চি মিন মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামদলগুলি।

বৃহত্তর বাম ঐক্যে ফাটল! ইজরায়েল বিরোধী মিছিলে ব্রাত্য রইল এসইউসি
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যালেস্তাইন-ইরানে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তি থেকে থিয়েটার রোডের হো চি মিন মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামদলগুলি। কিন্তু মিছিলে পা মেলাল না বাম দল এসইউসি। ইদানীংকালে বৃহত্তর বাম ঐক্যের কথা বলা হয়। এক্ষেত্রে সেই ঐক্য বাস্তবের মুখ দেখল না। বামপন্থীদের একাংশের কথায়, ওইসব কথা আসলে অলীক কল্পনা। এসইউসি নেতৃত্ব বলছেন, কলকাতায় এমন কর্মসূচির কথা তাঁরা জানতেন না। সিপিএমের কাছে আবার পাল্টা যুক্তি রয়েছে। এদিন বিকেলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে মিছিল পার্ক স্ট্রিটে এলেই পুলিস তা আটকে দেয়। বিমান বলেন, ‘প্যালেস্তাইনের পর ইরানেও আক্রমণ শুরু করেছে ইজরায়েল। ভারত সরকারের এখনও চুপ করে থাকা উচিত নয়।’ মিছিলে যোগ দেয় সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি-সহ বিভিন্ন বামদল। মিছিলে এসইউসি নেই কেন? দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, ‘এমন কর্মসূচির কথা জানা ছিল না। গতমাসে ফ্যাসিবাদের পরাজয়ের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে সকল বামদলকে আমরা ডেকেছিলাম। নেতারা এসে বক্তৃতা দিয়েছিলেন।’ সিপিএমের প্রথম সারির এক নেতার পাল্টা যুক্তি, ‘দিল্লিতে পাঁচটি বাম দল ১৭ জুন প্যালেস্তাইন সংহতি দিবসের ডাক দিয়েছে। তাই দেশজুড়ে কর্মসূচি পালিত হচ্ছে। পাঁচ বাম দলের মধ্যে এসইউসি ছিল না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ