Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের কাছে ভাতা আর ‘ডোল পলিটিক্স’ নয়, উলটে বৃদ্ধির আশ্বাস

একটা সময় তৃণমূল চালিত রাজ্য সরকারের নানা ভাতাকে সিপিএমের নেতা-কর্মীরা ‘ভিক্ষা’ বলে কটাক্ষ করতেন। সেসব দিন এখন বদলেছে।

সিপিএমের কাছে ভাতা আর ‘ডোল পলিটিক্স’  নয়, উলটে বৃদ্ধির আশ্বাস
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা সময় তৃণমূল চালিত রাজ্য সরকারের নানা ভাতাকে সিপিএমের নেতা-কর্মীরা ‘ভিক্ষা’ বলে কটাক্ষ করতেন। সেসব দিন এখন বদলেছে। ভোটের আগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাফ বক্তব্য, ‘আমরা বামপন্থীরা এসবকে ডোল পলিটিক্স বলি না। ওটা দক্ষিণপন্থীরা বলে।’ তিনি আরো বলেন, বামপন্থীরা এলে এর পরিমাণ আরো বাড়বে।

Advertisement

রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্যদের নিয়ে নির্বাচনকে সামনে রেখে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সেলিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রান্নাবান্নার খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। আয় কমে গিয়েছে। খরচ বেড়ে গিয়েছে। নিবার্চন যেহেতু সামনে তাই বিজেপি-তৃণমূল বিভিন্ন জায়গায় এসব করছে। এটাকে বলে মন ভোলানো। আমরা চাই অধিকার হিসেবে প্রতিষ্ঠা পাক।’ এরপরই সেলিম বলেন, ‘ওরা ভাণ্ডার লুট করেছে, তারপর সেখান থেকে সামান্য দিচ্ছে। বামপন্থীরা আসলে এর চেয়ে আরো বেশি দেব। দুর্নীতি হবে না।’ তাঁর অভিযোগ, অনেক জায়গাতেই মহিলারা এই ভাতা পাচ্ছেন না। বামপন্থীরা একে অধিকার করতে চেয়েছিল। ড্রপ আউট কমানোর জন্য স্কুল-কলেজের মেয়েদের পরিবহণ বিনামূল্যে করার দাবি জানান তিনি। 
এর পাশাপাশি সেলিম ঘোষণা করেন, আগামী ১ মার্চ থেকে নির্বাচনি প্রচারে নামবে সিপিএম। অন্যদিকে, প্রতীক উর রহমানকে বহিষ্কার করার পরেও সিপিএমের ওয়েবসাইটে রবিবার রাত পর্যন্ত রাজ্য কমিটির সদস্য হিসেবে তাঁর নাম দেখা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ