Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নারী নিরাপত্তায় উইনার্স বাহিনীর টহলদারি বাড়ানোর নির্দেশ সিপির

শহরের নারী সুরক্ষা আরও আঁটোসাঁটো করতে তৎপর লালবাজার। শনিবার মহিলা নিরাপত্তায় কলকাতা পুলিশের বিশেষ টিম উইনার্স বাহিনীকে টহলদারি বাড়ানোর নির্দেশ দিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

নারী নিরাপত্তায় উইনার্স বাহিনীর টহলদারি বাড়ানোর নির্দেশ সিপির
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের নারী সুরক্ষা আরও আঁটোসাঁটো করতে তৎপর লালবাজার। শনিবার মহিলা নিরাপত্তায় কলকাতা পুলিশের বিশেষ টিম উইনার্স বাহিনীকে টহলদারি বাড়ানোর নির্দেশ দিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি বলেন, ‘কলকাতা পুলিশের অগ্রাধিকার তালিকার সবার ওপরে রয়েছে নারী সুরক্ষা। আর সেই কথা মাথায় রেখে আরও বেশি সংখ্যক উইনার্স বাহিনী রাস্তায় টহলদারি চালাচ্ছে। যাতে শহরে দিনে–‌রাতে, সবসময় মহিলা, শিশু ও প্রবীণ নাগরিকরা সুরক্ষিত বোধ করেন, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।’‌ 

Advertisement

কলকাতাবাসীর নিরাপত্তার স্বার্থে তৎপরতার সঙ্গে কাজ করে কলকাতা পুলিশ। তারই অংশ হিসেবে শনিবার থেকে চালু হল ‘‌অন রোড পুলিশিং’‌। এখন থেকে প্রতিদিন সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তায় থেকে ডিউটি করবেন লালবাজার, থানা ও ট্রাফিক গার্ডের শীর্ষকর্তারা। 
এদিন সন্ধেয় গড়িয়াহাট মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে আসেন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। তাঁর বক্তব্য ‘‌আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক পুলিশকে রাস্তায় দেখা যায়। তাহলে নাগরিক আরও সুরক্ষিত অনুভব করবেন। বিভিন্ন শপিং মল সহ শহরজুড়ে কোথাও কোনো মানুষ সমস্যায় পড়লে যাতে পুলিশ আরো দ্রুত সেখানে পৌঁছতে পারে, আমরা সেই চেষ্টা করছি। সাধারণ মানুষকে নিরাপদ রাখাই পুলিশের মূল উদ্দেশ্য।’‌ অন্যদিকে, ডায়মন্ডহারবার রোডে ছোট–‌বড় পথ দুর্ঘটনা প্রসঙ্গে সুপ্রতিম সরকার বলেন, ‘‌ডায়মন্ডহারবার রোডে বেহালার নানা রাস্তায় শীর্ষকর্তারা পরিদর্শন করেছেন। তাঁরা পুরো বিষয়টি পর্যালোচনা করেছেন। ভবিষ্যতে যাতে দুর্ঘটনার সংখ্যা আরও কমানো যায়, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে।’‌

Advertisement
সম্পর্কিত সংবাদ