


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার অপরাধ রুখতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের উপভোক্তা দপ্তর। মঙ্গলবার এই সংক্রান্ত কর্মশালার আয়োজন করে উপভোক্তা দপ্তরের পূর্ব কলকাতা ও শহরতলির আঞ্চলিক শাখা। কাঁকুড়গাছি সেন্ট্রাল ল্যাবরেটরির কনফারেন্স হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এলাকার ৬০টি স্কুলের প্রধান শিক্ষক ও একজন করে সহ শিক্ষককে নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়। সেখানে সাইবার অপরাধের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা চলে। এই সব দুষ্কর্ম আটকাতে কী উপায় অবলম্বন করতে হবে, সে ব্যাপারে বক্তব্য রাখেন কলকাতা পুলিসের সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকরা। এর আগে কলেজের শিক্ষকদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করা হলেও স্কুলের ক্ষেত্রে কলকাতায় এটাই প্রথম উদ্যোগ। সাইবার অপরাধ নিয়ে শিক্ষকরা যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। উপভোক্তা দপ্তরের বিশেষ সচিব রুমেলা দে সহ অন্য আধিকারিকরা কর্মশালায় এসেছিলেন। হাজির ছিলেন মানিকতলা বিধায়ক সুপ্তি পাণ্ডে।
কর্মশালায় আধিকারিকরা উল্লেখ করেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। তাই অজানা নম্বর থেকে ফোন এলে ভয় পাবেন না। অনলাইনে আসা কোনও অজানা লিঙ্ক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। অচেনা উৎস থেকে আসা এপিকে ফাইল ডাউনলোড করা থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিমোট অ্যাক্সেস অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরও প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ ১৯৩০ নম্বরে ফোন করে বা www.cybercrime.gov.in-এ সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা উচিত বলে জানানো হয় কর্মশালায়।