


হায়দরাবাদ ও জয়পুর: তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনে বিপুল ভোটে জয় কংগ্রেসের। ২৪ হাজারের বেশি ভোটে বিআরএস প্রার্থীকে হারাল কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব। বিআরএসের মাগন্তি সুনীতা পেয়েছেন ৭৪ হাজার ৭২৯ ভোট। অন্যদিকে যাদব পেয়েছেন ৯৮ হাজার ৯৮৮ ভোট। অন্যদিকে মাত্র ১৭ হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে শেষ করল বিজেপি প্রার্থী লানকালা দীপক রেড্ডি। অন্যদিকে রাজস্থানের অন্তাতেও ১৫ হাজারের বিপুল ব্যবধানে জিতল কংগ্রেস।
বিআরএস বিধায়ক মাগন্তি গোপীনাথের মৃত্যুতে উপনির্বাচন হয় জুবিলি হিলসের কেন্দ্রে। গোপীনাথের স্ত্রী সুনীতাকে প্রার্থী করেছিল বিজেপি। অন্যদিকে, এই আসন দখলে নিতে মরিয়া হয়েমাঠে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুসলিম ২৫ শতাংশ ভোট নিজের দিকে টানতে মোক্ষম সময়ে আজহারউদ্দিনকে মন্ত্রীও করেছিলেন। ফল মিলেছে হাতেনাতে। এদিন জয়ে তেলেঙ্গানা বিধানসভার মোট ১১৯ আসনের মধ্যে ৬৬টি আসন দখলে গেল কংগ্রেসের। জুবিলি হিলসে বিআরএস প্রার্থী হারার পর বহিষ্কৃত নেত্রী কবিতার প্রতিক্রিয়া, যেমন কর্ম তেমনি ফল।
অন্যদিকে জয়পুরেও বিশাল জয় পেল হাত শিবির। অন্তা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া ৬৯ হাজার ৫৭১ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মোরপাল সুমানের থেকে ১৫ হাজার ৬১২ বেশি। তৃতীয় স্থানে থাকা বিদ্রোহী কংগ্রেস নেতা নরেশ মীনাও খুব পিছিয়ে ছিলেন না। মাত্র ১৫৯ ভোটে পিছিয়ে থাকার ফলে মীনাকে তৃতীয় স্থানে শেষ করতে হয়। একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিধায়ক পদ বাতিল হয়েছিল অন্তার বিজেপি বিধায়ক কানওয়ার লাল মীনার। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ১১৮টি আসন দখলে রয়েছে বিজেপির, অন্যদিকে কংগ্রেসের রয়েছে ৬৬টি বিধায়ক।