Bartaman Logo
৯ জুন, ২০২৬

জয়ী কংগ্রেস, তেলেঙ্গানার পুরসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি, বিধানসভা ভোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বড়সড় অক্সিজেন পেল রাহুল গান্ধীর কংগ্রেস। মহারাষ্ট্রের পুরসভা ভোটে বিজেপি একচ্ছত্র সাফল্য ছিনিয়ে নিয়ে যে আত্মবিশ্বাস অর্জন করেছিল সম্প্রতি, তেলেঙ্গানায় বড়সড় ধাক্কা খেয়েছে সেই আত্মবিশ্বাস।

জয়ী কংগ্রেস, তেলেঙ্গানার পুরসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল বিজেপি, বিধানসভা ভোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বড়সড় অক্সিজেন পেল রাহুল গান্ধীর কংগ্রেস। মহারাষ্ট্রের পুরসভা ভোটে বিজেপি একচ্ছত্র সাফল্য ছিনিয়ে নিয়ে যে আত্মবিশ্বাস অর্জন করেছিল সম্প্রতি, তেলেঙ্গানায় বড়সড় ধাক্কা খেয়েছে সেই আত্মবিশ্বাস। তেলেঙ্গানার পুরসভা ও কর্পোরেশন ভোটে একতরফা জয়ী হয়েছে কংগ্রেস। ১১৬টি পুরসভার মধ্যে ৭৯টি দখল করেছে কংগ্রেস। মোট দু’টি পুরসভা দখল করতে সমর্থ হয়েছে বিজেপি। রাজ্যজুড়ে মোট যত ওয়ার্ডে নির্বাচন হয়েছে, তার মধ্যে কংগ্রেস একাই জয়ী হয়েছে ১৫৩৭ ওয়ার্ডে। অনেক পিছনে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। তারা পেয়েছে ৭৮১ ওয়ার্ড। বিজেপির দখলে এসেছে ৩৩৬। বিজেপি এতদিন ধরে দাবি করেছে যে, তেলেঙ্গানায় কে সি আর অস্তমিত। দ্রুত দ্বিতীয় স্থানে উঠে আসছে তারা। কিন্তু ভোটের ফলাফলে স্পষ্ট, বিজেপি এখনও তৃতীয় স্থানেই। বিজেপির বিজয়রথের সামনে কংগ্রেস একের পর এক রাজ্যে পরাজিত হচ্ছে বলে যে প্রচার বিজেপি ও সংঘ পরিবার করে চলেছে বিগত কয়েক মাস ধরে, সেই প্রচার বড়সড় ধাক্কা খেল।

Advertisement

পুরসভা ভোটের ফলাফল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশেষভাবে অস্বস্তিকর। কারণ, দাক্ষিণাত্যের তিন রাজ্যে ভোট আসন্ন। তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। বিজেপির প্রচার ছিল, উত্তর ভারত জয় সম্পন্ন। এবার গেরুয়া ঝড় দক্ষিণে। কিন্তু তেলেঙ্গানার পুরসভা ভোটের ফল বিজেপির পক্ষে অশনিসংকেত। কেরলে আসন্ন ভোটে আবার কংগ্রেস ক্ষমতায় ফিরছে বলে রাজনৈতিক মহলের অনুমান। কিন্তু বিজেপির আশা ছিল, ওই রাজ্যে তারা চমক দেবে। যেহেতু পুরসভা ভোটে তিরুবনন্তপুরম পুরসভা তারা দখল করেছে। কিন্তু তেলেঙ্গানা ফের বিজেপিকে নতুন করে ভাবাচ্ছে। পক্ষান্তরে তেলেঙ্গানার অক্সিজেন পেয়ে রাহুল গান্ধী শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, ‘শহর ও জেলার সর্বত্রই কংগ্রেস জয়ী হয়েছে একের পর এক পুরসভায়। কংগ্রেসের প্রতি সর্বস্তরের মানুষের বিশ্বাসের প্রতিফলন এই ভোট।’
প্রসঙ্গত, দক্ষিণে তেলেঙ্গানা ও কর্ণাটকে কংগ্রেসের সরকার চলছে। আসন্ন বিধানসভা ভোটে যদি কেরলও দখলে চলে আসে এবং তামিলনাড়ু আবার ফেরে ডিএমকে ও কংগ্রেসের জোটের কাছে, তাহলে দক্ষিণ ভারতে বিজেপি প্রবল ধাক্কা খাবে। একটিও রাজ্য তাদের দখলে থাকবে না। অন্ধ্রপ্রদেশে এনডিএ জোট চলছে। কিন্তু বিজেপির কৃতিত্ব সেখানে নগণ্য। সেখানে চন্দ্রবাবু নাইডুর দলের শক্তিই প্রধান।  দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। 

Advertisement
সম্পর্কিত সংবাদ