নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকার ইন্টিমেশন লেটার দিতে শুরু করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার থেকে বাংলা এবং ইংরেজির প্রার্থীদের ডাকা হচ্ছে। ২৬ এবং ২৭ নভেম্বর রয়েছে এঁদের ইন্টারভিউ। এর সঙ্গে ইন্টারভিউয়ের ভেরিফিকেশন প্রক্রিয়া থেকেই বাদ পড়া ১০৬ জন প্রার্থীর নাম এবং বাতিলের কারণ উল্লেখ করে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে বাংলা ৩৩ জন এবং ইংরেজির ৭৩ জন প্রার্থীর নাম রয়েছে। মোট ১০৬ জনের মধ্যে ভেরিফিকেশনে অনুপস্থিত, ভুল শিক্ষকতার অভিজ্ঞতা দেওয়া, ভুল সংরক্ষণ ক্যাটিগরি উল্লেখ করা, বয়স পেরিয়ে যাওয়া প্রার্থীরা রয়েছেন।
এদিকে, এদিনই মৌলালি মোড় থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিশাল মিছিল করেন নতুন পরীক্ষার্থীরা। রামলীলা ময়দানে যাওয়ার পুলিশি অনুমতি থাকলেও তাঁরা হঠাৎই উলটো দিকে, ধর্মতলার দিকে মিছিল করে এগোতে থাকেন। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যোগ্য শিক্ষকদের যে ১০ নম্বর দেওয়া হচ্ছে, তা বাতিলের দাবি তুলেই কার্যত গেরিলা কায়দায় মিছিল চালিয়ে জমায়েত করেন ধর্মতলায়। সেখান থেকে পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যান, বাস প্রভৃতিতে তোলে। আন্দোলনকারীদের দাবি, সরকার অভিজ্ঞতার নম্বর বাতিল না করা পর্যন্ত তাঁরা এই ধরনের বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবেন। একই সঙ্গে শূন্যপদ বাড়িয়ে এক লক্ষ করার দাবিও তুলেছেন তাঁরা।
অন্যদিকে, এদিনই বিকাশ ভবনে অভিযান করেছিলেন উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে ডাক-না-পাওয়া প্রার্থীদের অনেকে। তাঁদের তরফে সুশান্ত ঘোষ বলেন, শিক্ষাদপ্তরের এক সচিব আমাদের সঙ্গে দেখা করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে এসএসসি আইনজীবীদের নিয়ে বৈঠক করেছে। এই নিয়ে গত সপ্তাহেই কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সেই ব্যাখ্যা চলে এলেই কমিশনের কাছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ম্যাচিং ভেকেন্সি লিস্ট পাঠাবে বিকাশ ভবন। বুধবারের মধ্যেই কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে বিকাশ ভবনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।