শ্রীনগর: আঠারো বছর পর নভেম্বরেই শ্রীনগরে হিমাঙ্কের অনেকটাই নীচে নামল তাপমাত্রা। ২০০৭ সালের পর আরও একবার নভেম্বরে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হল জম্মু ও কাশ্মীরের রাজধানী শহরে। বৃহস্পতিবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠিক আগের রাতেই তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে ৪.৪। বৃহস্পতিবার আরও কমল পারদ। গত কয়েকদিন ধরেই শ্রীনগরে রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামছে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা চলতি সময়ের মধ্যে রেকর্ড গড়ল। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৪ ডিগ্রি কম।



