নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালুপ্রসাদ যাদবের তৈরি করা দল আরজেডির প্রতীক লণ্ঠন আজও রয়ে গিয়েছে। কিন্তু সময় পালটে গিয়েছে। যে প্রজন্ম এই জিনিসকে আলোর প্রতীক ভেবেছে, তাদের সন্তানসন্ততিরা এখন লণ্ঠনকে হয়ত গরিবি ভাবে! তেজস্বী যাদব আধুনিক যুবক হয়েও লণ্ঠনকেই প্রতীক রেখে দিয়েছেন দলের আইকনিক পরিচয় হিসেবে। কিন্তু রামবিলাস পাসোয়ানের দল পারিবারিক বিবাদে দু ভাগ হয়ে যাওয়ায় যেন শাপে বর হয়েছে তাঁর পুত্রের। নতুন প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে আর ঘর নয়, তিনি হেলিকপ্টারকে প্রতীক বেছে নিয়েছেন। আর এবার বিহারের ভোটে লণ্ঠন অনেকটাই স্তিমিত। তার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে হেলিকপ্টার। হেলিকপ্টারের ঘূর্ণায়মান রোটরের তীব্র বাতাসে কি আগামী দিনে লণ্ঠনের আলো আরও ম্লান হবে? বিহার নির্বাচনে ১৪৩ আসনে লড়াই করে তেজস্বী যাদব পেয়েছেন মাত্র ২৫টি আসন। ২৮টি আসনে লড়াই করে চিরাগ পাসোয়ান পেয়েছেন ১৯। এনডিএ জোট ২০২০ সালে ছিল ৩৭ শতাংশ। এবার ৪৬.৭ শতাংশ। যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে চিরাগ পাসোয়ানের সাড়ে ৫ শতাংশ। যা ২০২০ সালে ছিল না। তাই এই বিপুল জয়ে একটি বিরাট অবদান চিরাগের। স্বাভাবিকভাবেই চিরাগ পাসোয়ান ক্ষমতার ভাগ চাইবেন সেটা প্রত্যাশিত। প্রকাশ্যে না হলেও চিরাগ পাসোয়ান চাইছেন একটি উপমুখ্যমন্ত্রীর পদ। তিনি নিজে? নাকি অন্য কেউ? সেটা এখনও জানা যাচ্ছে না। কারণ, এখনও তিনি এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার চিরাগ সব দূরত্ব ভুলে নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী’ নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলাম। সুতরাং নীতীশের দশম বার মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত। চিরাগ পাসোয়ানের সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদির আশীর্বাদ। কারণ, তিনিই বিজেপির কাছে আগামী নীতীশ! এখন দেখার চিরাগের দলকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় কিনা। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী। বিজেপি ও চিরাগের দলের একজন করে উপমুখ্যমন্ত্রী। এই কি ফর্মুলা হতে চলেছে?



