লখনউ: বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের শিশুর। রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের হুসেনগঞ্জের ঘটনা। মৃত শিশুটির নাম ফাহাদ। এদিনের ঘটনার পর বিদ্যুৎদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এদিন ছুটির দিন থাকায় ক্রিকেট খেলায় মেতে ছিল পাড়ার ছেলেরা। সাত বছরের ফাহাদও বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল। সেই মাঠের পাশে ছিলই বিদ্যুতের ট্রান্সফর্মার। সেটি কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। বিপজ্জনক ট্রান্সফর্মারের কাছে যাওয়ার গেটটি ভেঙে পড়ে রয়েছে দীর্ঘদিন। এদিন খেলার সময় ক্রিকেট বলটি ট্রান্সফর্মারের কাছে চলে যায়। ফাহাদ সেই বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ট্রান্সফর্মারের কাছে যাওয়ার গেটটি দু’বছর ধরে ভেঙে পড়ে রয়েছে বলে তাঁদের অভিযোগ। এনিয়ে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যুৎ অফিসের কোনও হেলদোল নেই বলে তাঁরা জানান। এর আগে একাধিক দুর্ঘটনায় ১৫টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে সেখানে। ঘটনাটি জানতে পেরে উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



