আমেদাবাদ: গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ শেষ। কিন্তু হলুদ জার্সি পরা সমর্থকরা মোতেরা স্টেডিয়ামের গ্যালারি ছাড়ছেন না। প্রত্যেকের চোখে মুখে একটাই আশঙ্কা, ‘মহেন্দ্র সিং ধোনির মুখে আইপিএলেকে বিদায়ের ঘোষণা শোনা যাবে না তো!’ সিএসকে অধিনায়ক পুরস্কার বিতরণী মঞ্চের দিকে আসতেই ‘ধোনি, ধোনি’ স্লোগানে কেঁপে উঠল স্টেডিয়াম চত্ত্বর। মঞ্চে উপস্থাপক হর্ষ ভোগলে অবসর প্রসঙ্গে প্রশ্ন করতেই গ্যালারি থেকে ভেসে এল ‘ডোন্ট গো ধোনি’! মুচকি হেসে মাহির জবাব, ‘আমি যাচ্ছি না। আবার বলছি না যে ফিরেও আসব। হাতে তিন চার মাস রয়েছে। আপাতত বাড়ি যাই। রাঁচিতে কয়েকটা বাইক রাইড উপভোগ করি। তারপর সিদ্ধান্ত নেব পরের বছর খেলব কিনা। হাতে সময় রয়েছে তো!’ চেন্নাই অধিনায়কের ফেরার সম্ভাবনার কথা শুনে উল্লাসে ফেটে পড়ল গ্যালারি।
চলতি মরশুমের শুরুর দিকে ধুঁকতে থাকা চেন্নাই সুপার কিংসের প্লে-অফের আশা আগেই শেষ হয়েছিল। অনুরাগীরা সেজন্যই ভাবছিলেন ধোনি না ক্রোড়পতি লিগ থেকে সরে যান ব্যর্থতার কলঙ্ক মাথায় নিয়ে। কিন্তু শেষ ম্যাচে চেন্নাইয়ের পারফরম্যান্স বোধহয় মাহিকে ফিরে আসার রসদ জুগিয়েছে। রবিবার শক্তিশালী গুজরাত টাইটান্সকে ৮৩ রানে উড়িয়ে আইপিএল অভিযান শেষ করল সিএসকে। টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই ৫ উইকেটে তুলেছিল পাহাড়প্রমাণ ২৩০। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় টেবিলে এক নম্বরে থাকা গুজরাত (১৪ ম্যাচে ১৮ পয়েন্ট)। পরাজয়ের ফলে প্রথম দুইয়ে থাকা নিয়ে সংশয়ে গুজরাত। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের একটা করে ম্যাচ বাকি। জিতলে প্রথম দুইয়ের মধ্যে জায়গা করে নেবে এই দু’দল।
২৩১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল গুজরাত। ফর্মে থাকা ক্যাপ্টেন শুভমান গিল ১৩ রান করে আউট হন। জস বাটলারের সংগ্রহ মাত্র ৫। রাদারফোর্ড তো খাতাই খুলতে পারেননি। বলার মতো রান বলতে ওপেনার সাই সুদর্শনের। ২৮ বলে ৪১ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর শেষ দিকে শাহরুখ খান (১৯), রাহুল তেওয়াটিয়া (১৪), আশার্দ খানের (২০) ব্যাটে কোনওক্রমে দেড়শোর কাছাকাছি পৌঁছয় গুজরাত।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই। ওপেনিং জুটিতেই ওঠে ৪৪ রান। আয়ূষ মাতরে ৩৪ রান করে আউট হলেও ডেভন কনওয়ে থামেননি। ৩৫ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন তিনি। উরভিল প্যাটেলের ব্যাট থেকে আসে ৩৭। আর শেষ দিকে ডেওয়াল্ড ব্রেভিসের ঝোড়ো ব্যাটিংয়ে দু’শোর বেশি রান তোলে চেন্নাই। ৫৭ রানের ইনিংস উপহার দিয়েছেন এই প্রোটিয়া তরুণ। তিনিই ম্যাচের সেরা।