Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ার নলদহে তৈরি হচ্ছে সস্তার মাদক, লালগোলায় ‘হল্ট’ করে ঢুকছে হেরোইনের কাঁচামাল

উত্তর পূর্ব ভারত থেকে সরাসরি পলাশীপাড়ার নলদহে আনা হচ্ছে হেরোইনের কাঁচামাল ক্রুড। তার আগে মুর্শিদাবাদ লালগোলায় ‘হল্ট’ করছে মাদক কারবারিরা।

পলাশীপাড়ার নলদহে তৈরি হচ্ছে সস্তার মাদক, লালগোলায় ‘হল্ট’ করে ঢুকছে হেরোইনের কাঁচামাল
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উত্তর পূর্ব ভারত থেকে সরাসরি পলাশীপাড়ার নলদহে আনা হচ্ছে হেরোইনের কাঁচামাল ক্রুড। তার আগে মুর্শিদাবাদ লালগোলায় ‘হল্ট’ করছে মাদক কারবারিরা। তারপর সুযোগ বুঝে তা আনা হচ্ছে পলাশীপাড়া থানার হেরোইনের আঁতুড়ঘর নলদহে। সেখানে হেরোইনের ক্রুডের সঙ্গে নানা কাঁচামাল দিয়ে সস্তার মাদক তৈরি করা হচ্ছে। তারপর তা বিভিন্ন জায়গায় কম দামে বিক্রি করছে কারবারিরা। সম্প্রতি মাদক বিরোধী অভিযানে নেমে কালীগঞ্জ থানা এলাকায় প্রচুর পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। তার তদন্তে নেমে  এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। মনে করা হচ্ছে, পলাশী ও পলাশীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের ধরপাকড় বাড়ার কারণেই সরাসরি নলদহে হেরোইন আনার সাহস পাচ্ছে না কারবারিরা। তাই ঘুরপথে লালগোলার সঙ্গে যৌথভাবে মাদক কারবার চালিয়ে যাওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। 

Advertisement

আগে মুর্শিদাবাদের লালগোলার সঙ্গে পালাশীপাড়ার নলদহ এলাকার  সরাসরি কোনও যোগাযোগ ছিল না। উত্তর-পূর্ব ভারত থেকে ক্রুড আনিয়ে নিজের মতো ব্যবসা করত কারবারিরা। তবে বিগত এক মাসে কালীগঞ্জের বেশ কয়েকটি মাদক মামলার ঘটনায় লালগোলার সঙ্গে নলদহের নতুনভাবে যোগসূত্রে স্থাপনের বিষয়টি জানতে পেরেছেন গোয়েন্দারা। এই ক্রুড হল আসল হেরোইন। যার দাম অনেক। পুলিশের এক আধিকারিকের কথায়, এই ক্রুডের সঙ্গে নানা জিনিস মেশানো হয়। যাকে বলা হয় ‘পাওয়ার’। এই পাওয়ার মেশানোর পর ১০০ গ্রামে থেকে ১ কেজি পরিমাণ হেরোইন তৈরি করা যায়। তারপর তা সস্তায় বিভিন্ন জায়গায় বিক্রি করে কারবারিরা। 
কয়েক সপ্তাহ আগেই কালীগঞ্জের পলাশীতে দু’কেজি হেরোইন সহ ধরা পড়ে লালগোলার কুখ্যাত মাদক কারবারি আমিনুল ইসলাম। তার কাছ থেকে ক্রুড বাজেয়াপ্ত হয়েছিল। পলাশীপাড়ার পলসণ্ডায় তা সরবরাহ করার কথা ছিল। তার ঠিক কয়েকদিন পরই পলাশীতেই আবার আড়াই কেজি হেরোইন সহ কালীগঞ্জের তৃণমূল জন প্রতিনিধির গাড়ির ড্রাইভারের ভাই গ্রেফতার হয়। ক্রুডের সঙ্গে পাওয়ার মেশানো কম দামের হেরোইন বাজেয়াপ্ত হয়। বাইকে ওই হেরোইন বিভিন্ন জায়গায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। এবার গত সোমবার বিকেলে কালীগঞ্জের পাঁচখেলা এলাকা থেকে পাঁচ কেজি হেরোইনের ক্রুড সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। 
মনে করা হচ্ছে, নলদহে সরাসরি হেরোইনের ক্রুড আনানো কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। কারণ, কয়েক মাস আগে পর্যন্ত সরাসরি পলাশীপাড়ায় হেরোইনের ক্রুড আনিয়ে না প্রসেসে কম দামের হেরোইন প্রস্তুত করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। পুলিশের লাগাতার ধরপাকড়ে মাদক কারবারিরা সরাসরি তা আনাতে পারছে না। এখন হেরোইনের ক্রুড লালগোলাতেই আনা হচ্ছে। তারপর এখানকার কারিগর দিয়ে কম দামের হেরোইন বানানো হচ্ছে। নলদহে হেরোইন প্রস্তুতির বিভিন্ন ধাপের জন্য আলাদা কারিগর রয়েছে। তাদের দিয়েই কারবারিরা কাজ করিয়ে হেরোইন বাইরের বাজারে বিক্রি করে মুনাফা করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ