Bartaman Logo
৯ জুন, ২০২৬

এনডিএকেই সমর্থন, জানালেন চন্দ্রবাবুর পুত্র

কেন্দ্রের এনডিএ সরকারের ‘প্রাণভ্রমর’ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি। উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ঘিরে সেই টিডিপিকেই প্যাঁচে ফেলে শাসক শিবিরে ভাঙন ধরানোর চেষ্টায় ছিল বিরোধী ইন্ডিয়া জোট।

এনডিএকেই সমর্থন, জানালেন চন্দ্রবাবুর পুত্র
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেন্দ্রের এনডিএ সরকারের ‘প্রাণভ্রমর’ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি। উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ঘিরে সেই টিডিপিকেই প্যাঁচে ফেলে শাসক শিবিরে ভাঙন ধরানোর চেষ্টায় ছিল বিরোধী ইন্ডিয়া জোট। সেই লক্ষ্যেই মঙ্গলবার কুকৌশলে উপরাষ্ট্রপতি পদে তারা প্রার্থী করেছে অন্ধ্রপ্রদেশের বি সুদর্শন রেড্ডিকে। তবে বিরোধীদের এই অন্ধ্র ও তেলুগু কার্ডে যে চিঁড়ে ভিজছে না, এদিনই তা স্পষ্ট করে দিল চন্দ্রবাবুর দল। সাফ জানিয়ে দিল, বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি অন্ধ্রের মানুষ হওয়া সত্ত্বেও টিডিপির সমর্থন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের পাশেই থাকছে। এবিষয়ে টিডিপিতে কোনও ‘অস্পষ্টতা’ নেই। এনডিএ শিবির সম্পূর্ণ ঐক্যবদ্ধ।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশ এদিন এক্স হ্যান্ডলে দলের অবস্থান স্পষ্ট করেছেন। লিখেছেন, ‘কোনও অস্পষ্টতা নেই— শুধুই উষ্ণতা, সম্মান ও সংকল্প। এনডিএ সম্পূর্ণ ঐক্যবদ্ধ।’ এর আগে অন্ধ্রের আর এক দল ওয়াইএসআর কংগ্রেসও জানিয়ে দিয়েছে, তারা এনডিএ প্রার্থীকে সমর্থন দেবে। কিন্তু উপরাষ্ট্রপতি ভোটে কোনও হুইপ চলে না। সাংসদরা মর্জি মতো ভোট দেন। তাই সুপ্রিম নেতৃত্বের অবস্থান সব সাংসদ মানবেন তো?

Advertisement

সম্পর্কিত সংবাদ