Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সব অবৈধ এনএফএসএ রেশন কার্ড বাতিলের নির্দেশ কেন্দ্রের, রাজ্যগুলির নজরে সাড়ে আট কোটি গ্রাহক

গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা সাড়ে ৮ কোটির অধিক রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সব অবৈধ এনএফএসএ রেশন  কার্ড বাতিলের নির্দেশ কেন্দ্রের, রাজ্যগুলির নজরে সাড়ে আট কোটি গ্রাহক
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কৌশিক ঘোষ, কলকাতা: গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা সাড়ে ৮ কোটির অধিক রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই গ্রাহকদের ব্যাপারে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে। কেন্দ্রের নির্দেশ, সংশ্লিষ্ট গ্রাহকরা অবৈধ হলে তাঁদের কার্ডগুলি বাতিলই করতে হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের পর্যালোচনা রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মোট ৮ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত ২ কোটি ৭৫ লক্ষ জন সম্পর্কে তদন্ত করে রাজ্যগুলি মোট ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৪০৬ জনের কার্ড বাতিল করেছে। কোন রাজ্যের কাছে কত রেশন গ্রাহকের সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছিল এবং তাঁদের মধ্যে কতজনের কার্ড বাতিল করা হয়েছে তার রাজ্যভিত্তিক পরিসংখ‌্যান রিপোর্টে আছে। তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন রেশন গ্রাহকের নাম পাঠানো হয়। তার মধ্যে ৩ লক্ষ ৫৩ হাজার ৩০৯ জনের কার্ড রাজ্য সরকার বাতিল করেছে। 

Advertisement

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশনের চাল-গম গোটা দেশে পান প্রায় ৮১ কোটি মানুষ। এর মধ্যে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ অর্থাৎ ১০ শতাংশের মতো রেশন গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক এই প্রকল্পের আওতায় আছেন। খাদ্যমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতকরণের পর তাঁদের সম্পর্কে অনুসন্ধান করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে দেওয়া হয়েছে। অনুসন্ধানে যদি দেখা যায়, ওই গ্রাহকরা বৈধ নন তবে রাজ্য সরকারগুলি তাঁদের কার্ড বাতিল করতে পারবে। জানা গিয়েছে, কার্ডে আধার নম্বর যুক্ত না-থাকা, আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই না-হওয়া, মৃত্যু কিংবা আর্থিকভাবে সম্পন্নসহ বেশকিছু কারণে এই গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। সরকার নির্ধারিত বেশকিছু আর্থিক মাপকাঠি আছে, যা কোনও ব্যক্তির থাকলে তিনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নন। কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আয়কর দাতা, কোম্পানির ডিরেক্টর পদে আছেন এমন রেশন গ্রাহকদের চিহ্নিত করার উদ্যোগ নেয়। 
রাজ্য খাদ্যদপ্তর কিছুদিন ধরে রেশন গ্রাহকদের নিয়ে অনুসন্ধান শুরু করেছে। আধার নম্বর নেই বা থাকলেও বায়োমেট্রিক যাচাই হয়নি এমন গ্রাহকদের সম্পর্কে বাড়িতে গিয়ে যাচাই করে ব্য‌বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরকম প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়। সেখানে অবশ্য দেখা যায়, এর মধ্যে ১০ লক্ষ ৪১ হাজার গ্রাহক ৫ বছরের কমবয়সি হওয়ায় তাদের আধার নেই। আর্থিকভাবে সম্পন্ন গ্রাহক চিহ্নিত করার জন্য নমুনা সমীক্ষা করা হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, সব রাজ্যেই সেখানকার সরকার রেশন কার্ড দিয়েছে। তাই অবৈধ কার্ডগুলি রাজ্য সরকারকেই বাতিল করতে হবে। তবে এটা করতে গিয়ে যাতে কোনও বৈধ গ্রাহক বাদ না পড়েন, সেটা নিশ্চিত করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ