নয়াদিল্লি: নতুন বছরে কি অল্পেই সন্তুষ্ট থাকতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের? ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তাঁদের মহার্ঘ ভাতা (ডিএ) ও ডিয়ারনেস রিলিফ (ডিএ) বাড়তে পারে মাত্র ২ শতাংশ। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াতে পারে ৬০ শতাংশের কাছাকাছি। তবে সত্যিই যদি বৃদ্ধির পরিমাণ ২ শতাংশ হয়, তাহলে তা হবে বিগত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে এই দাবি করা হয়েছে।
২০২৬ সালের ডিএ পর্যালোচনা রুটিন বৃদ্ধির বাইরে আরও বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। সপ্তম বেতন কমিশন মেয়াদের বাইরে এটাই প্রথম ডিএ বৃদ্ধি হতে চলেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের দশ বছরের মেয়াদ। আবার অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠন করা হলেও কবে থেকে কার্যকর হবে, টার্ম অব রেফারেন্সে (টিওআর) সেবিষয়ে স্পষ্ট কোনও উল্লেখ নেই। তাই বাস্তবে অষ্টম পে কমিশনের অন্তর্গত বেতন বৃদ্ধির সুফল কেন্দ্রীয় কর্মীরা ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের প্রথম দিকের আগে হয়ত পাবেন না বলে সরকারি সূত্রে ইঙ্গিত। ফলে ভবিষ্যতের বেতনের রূপরেখা নির্ধারণে জানুয়ারি মাসের ডিএ বৃদ্ধি তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে। কারণ অষ্টম বেতন কমিশন বাস্তবায়িত হওয়ার সময়কালীন প্রাপ্ত ডিএ বেসিক পে-এর মধ্যেই মিশে যাবে। সেই সময় নতুন ডিএ শূন্য থেকে ফের শুরু হবে।