Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

দুধ ছাড়াই হয়েছিল ঘি, তিরুপতির লাড্ডু অনিয়মে দাবি সিবিআইয়ের

কেজি কেজি ঘি তৈরি হচ্ছে, অথচ প্রয়োজন পড়ছে না এক ফোঁটা দুধেরও। এমনই এক আশ্চর্য কায়দায় ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ভেজাল ঘি তৈরি করেছে উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারি।

দুধ ছাড়াই হয়েছিল ঘি, তিরুপতির লাড্ডু অনিয়মে দাবি সিবিআইয়ের
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেজি কেজি ঘি তৈরি হচ্ছে, অথচ প্রয়োজন পড়ছে না এক ফোঁটা দুধেরও। এমনই এক আশ্চর্য কায়দায় ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত ভেজাল ঘি তৈরি করেছে উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারি। আর সেই ঘি দিয়েই তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু। আদালতে এমনই জানাল সিবিআই। তদন্তকারীরা জেনেছেন, ৬৮ লক্ষ কেজি ভেজাল ঘি তৈরি হয়েছিল। যার বাজারমূল্য ২৫০ কোটি টাকা। কেবল তাই নয়, ২০২২ সালে ব্ল্যাকলিস্টেড সেই কোম্পানি ভুয়ো দরপত্র জমা দিয়ে তিরুপতি মন্দিরে ঘি সরবরাহ করত। ওই ডেয়ারিকে রাসায়নিক পদার্থ সরবরাহ করার অভিযোগে দিল্লির ব্যবসায়ী অজয়কুমার সুগন্ধকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই রাসায়নিকগুলি দিয়েই দুধ ছাড়া ঘি তৈরি হত। গত বছর তিরুপতি মন্দিরে লাড্ডুতে অনিয়মের অভিযোগ সামনে আসে। তা ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ভোলেবাবা ডেয়ারির দুই মাথা বিপিন জৈন ও পোমিল জৈনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির ব্যবসায়ী অজয়ের সঙ্গে চুক্তি করেছিল তারা। বছরের পর বছর দুধ না কিনে অভিযুক্তরা ভুয়ো রসিদ জমা দিয়েছে। স্থানীয় বেশ কয়েকজন দুগ্ধ ব্যবসায়ীর নামও উল্লেখ করা ছিল ওই রসিদে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা জানিয়েছেন, ভোলেবাবা ডেয়ারি কোনও দিন দুধ কেনেননি। পরিবর্তে পাম তেল ও রাসায়নিক পদার্থ কিনে ভেজাল ঘি তৈরি করা হত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ