


প্যারিস: ফরাসি ওপেনে কার্লোস আলকারাজের দুরন্ত ফর্ম অব্যাহত। বুধবার পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির ফাবিয়ান মারোজসানকে ৬-১, ৪-৬, ৬-১, ৬-১ সেটে হারালেন গতবারের চ্যাম্পিয়ন। আগামী শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে নামবেন তিনি। পুরুষদের সিঙ্গলসের অপর ম্যাচে চোট পাওয়া নরওয়ের কাসপার রুড দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন পর্তুগালের নুনো বর্জেস।
গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ এবারও ফরাসি ওপেনে ফেভারিট। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জিতলেও এদিন কিছুটা বেগ পেতে হয়েছে স্প্যানিশ তারকাকে। প্রথম সেটে তাঁর সামনে ১-৬ ব্যবধানে উড়ে যান মারোজসান। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান হাঙ্গেরিয়ান খেলোয়াড়। আলকারাজকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ম্যাচ জমিয়ে দেন। তবে স্প্যানিশ তারকাকে কেন ফেভারিট ধরা হচ্ছে, তা পরের দু’টি সেটে বুঝিয়ে দিলেন। এই পর্বে আলকারাজের সামনেই দাঁড়াতেই পারলেন না মারোজসান। ৬-১, ৬-১ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেন ৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ম্যাচের পর আলকারাজ বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে দ্বিতীয় সেটে মারোজসান দুর্দান্ত কামব্যাক করে। তবে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পেরেছি। এই ছন্দ বাকি ম্যাচগুলিতেও ধরে রাখতে হবে।’
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে ব্রিটেনের এমা রাডুকানুকে স্ট্রেট সেটে উড়িয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ইগা সুইয়াটেক। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পোলিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-২। উল্লেখ্য, ফরাসি ওপেনে সুইয়াটেকের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে চারটিই তিনি জিতেছেন রোলাঁ গারোতে। এবার তাঁর পাখির চোখ পঞ্চম ফরাসি ওপেন জয়।