Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

সংসদের বিশেষ অধিবেশন ডাকুন, মোদিকে চিঠি দিতে চলেছে তৃণমূল

সংসদের বিশেষ অধিবেশন ডাকতে মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। এই দাবিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন তৃণমূল সাংসদরা।

সংসদের বিশেষ অধিবেশন ডাকুন, মোদিকে চিঠি দিতে চলেছে তৃণমূল
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন ডাকতে মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। এই দাবিতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন তৃণমূল সাংসদরা। বিষয় হল, পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুর পাশাপাশি দেশের নিরাপত্তা। সঙ্গে রয়েছে, পাকিস্তানকে শিক্ষা দিতে অপারেশন সিন্দুর এবং কূটনৈতিক উদ্যোগ বাড়িয়ে বিদেশের ৩৩ দেশে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়ে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা। মঙ্গলবার সংবিধান সদনের সেন্ট্রাল হলে বৈঠক করে তৃণমূল সংসদীয় দল। দিল্লিতে ডেকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সই করানো হল দলের সাংসদদের। উপস্থিত ছিলেন ২৮ জন। বাকিদের সই সংগ্রহ হয় ডিজিটাল। লোকসভা-রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের এখন সাংসদ সংখ্যা ৪১।    

Advertisement

কংগ্রেস এদিন পহেলগাঁওয়ে মোদি সরকারের নিরাপত্তা ব্যর্থতাকে তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রবল সমালোচনা করল। দলের মুখপাত্র পবন খেরা প্রশ্ন তুললেন, কেন এখনও ধরা পড়ল না গত ২২ এপ্রিল বৈসরণে হামলা চালানো পাক জঙ্গিরা? তারা কোথায়? নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রধানমন্ত্রী যেভাবে অপারেশন সিন্দুর নিয়ে সেনাকে বাহবা না দিয়ে নিজের পিঠ চাপড়াতে ব্যস্ত, তারও সমালোচনা করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে হিন্দি ছবির প্রেম চোপড়া বা পরেশ রাওয়ালদের সঙ্গে তুলনা করে পবন খেরা বলেন, প্রধানমন্ত্রীর মুখে কি রক্তে সিঁদুর, রক্ত গরম, রুটি খাও, নয়ত গুলি খাবে জাতীয় হিন্দি ছবির মতো ডায়লগ মানায়? প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষুন্ন করছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক সাফল্য আদায় করতে ব্যর্থ মোদি। অথচ নির্বাচনী ভাষণের মতো অপারেশন সিন্দুর নিয়ে প্রচার করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভাষণ ছেড়ে সংসদের বিশেষ অধিবেশন ডেকে জবাব দিন মোদি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ