নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোলযাত্রা ও হোলিকে কেন্দ্র করে দেশে এবার প্রায় ৮০ হাজার কোটি টাকার ব্যবসা হতে চলেছে। গতবারের তুলনায় তা ২৫ শতাংশেরও বেশি হারে বাড়তে পারে। সাম্প্রতিক সমীক্ষায় এমনই দাবি করেছে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। তাদের দাবি, গতবছর রঙের উৎসবকে কেন্দ্র করে ৬০ হাজার কোটি টাকারও বেশি কেনাকাটা হয়েছিল। রং, আবির, বাজি, আনুষঙ্গিক জিসিনপত্র, নতুন জামা, উপহার ও মিষ্টান্ন সামগ্রী মিশিয়ে এবার ব্যবসা অনেকটাই বাড়তে চলেছে বলে দাবি করেছে ওই সংগঠনটি। তাদের কথায়, হোলিকে কেন্দ্র করে দেশে যে ব্যবসা হয়, একসময় তার রমরমা ছিল চীনা পণ্যকে কেন্দ্র করে। কিন্তু করোনার পর থেকে সেই বাজারে মন্দা এসেছে অনেকটাই। দেশীয় পণ্যের চাহিদা যেমন বেড়েছে, তেমনই এমএসএমই সেক্টরও চাঙা হয়েছে। সব মিলিয়ে চীনা পণ্যের জায়গায় ভাগ বসিয়েছে আঞ্চলিক পণ্য। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই দাবি সংগঠনের কর্তাদের।



