Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের প্রত্যাঘাতকে সমর্থন ব্রিটিশ মন্ত্রীর, মধ্যস্থতায় আগ্রহী ডোনাল্ড ট্রাম্প

ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করেছে আমেরিকা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এব্যাপারে মধ্যস্থতার বার্তা দিলেন।

ভারতের প্রত্যাঘাতকে সমর্থন ব্রিটিশ মন্ত্রীর, মধ্যস্থতায় আগ্রহী ডোনাল্ড ট্রাম্প
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক ও ওয়াশিংটন: ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করেছে আমেরিকা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এব্যাপারে মধ্যস্থতার বার্তা দিলেন। বুধবার তিনি বলেন, ‘দু’টি দেশের সঙ্গেই আমার সখ্য আছে। আমি চাই, ওরা লড়াই বন্ধ করুক। সংঘাত কমাতে যদি কিছু করার থাকে, আমি তার জন্য প্রস্তুত রয়েছি।’ বুধবার ওভাল অফিসে চীনের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন ডেভিড পারডিউ। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত প্রশ্ন করা হয় ট্রাম্পকে। এর জবাবেই দু’দেশের সংঘাত বন্ধে ভূমিকা গ্রহণের ইচ্ছাপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisement

এদিকে, ব্রিটিশ পার্লামেন্টেও ভারত ও পাকিস্তান নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমের। তার রেশ ধরেই বুধবার হাউস অব কমন্সে বিতর্কসভার সূচনা করেন বিদেশ দপ্তর বিষয়কমন্ত্রী হামিশ ফ্যালকন। তিনি বলেন, ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। তাদের সংঘাতে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। এই দৃশ্য অত্যন্ত হৃদয়বিদারক। সীমান্তে উত্তেজনা আরও বাড়লে কেউই লাভবান হবে না। গতমাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আমরা কড়া নিন্দা করেছিলাম। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সবপক্ষকে শান্ত থাকতে হবে। তবে ভারতের প্রত্যাঘাতকে সরাসরি সমর্থন করেছেন বিদেশমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি সাফ জানিয়েছেন, নিজেকে রক্ষা ও জঙ্গিদের সমস্ত পরিকাঠামো ধ্বংসের পূর্ণ অধিকার ভারতের রয়েছে। এরপরই জঙ্গি ঘাঁটি, ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে বিঁধেছেন তিনি। প্রীতি বলেন, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা ভারত ও পশ্চিমী দেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি, সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়িয়েছে কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর দাবি, পাকিস্তান থেকে সমস্ত জঙ্গিঘাঁটিকে চিরতরে উপড়ে ফেলতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ