Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

স্বামীনারায়ণ মন্দিরে ব্রিটেনের রাজা-রানি

দীপাবলি ও বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরের ৩০তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে ২৯ অক্টোবর বুধবার লন্ডনের নিসডিনের এই হিন্দু মন্দির পরিদর্শন করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি কামিলা।

স্বামীনারায়ণ মন্দিরে ব্রিটেনের রাজা-রানি
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: দীপাবলি ও বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দিরের ৩০তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে ২৯ অক্টোবর বুধবার লন্ডনের নিসডিনের এই হিন্দু মন্দির পরিদর্শন করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি কামিলা। এদিন ট্রাস্টিদের তরফে তাঁদের স্বাগত জানান জিতু প্যাটেল। তথ্যাভিজ্ঞ মহলের মতে, রাজপরিবারের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক বেশ পুরনো। এর আগে প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্ণওয়াল হিসেবে তাঁরা এখানে এসেছিলেন। তবে রাজা-রানি হিসেবে এটাই তাঁদের প্রথম সফর। এদিন মন্দিরের স্বেচ্ছাসেবক, হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন চার্লস ও কামিলা। মন্দিরের বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজকর্ম নিয়ে খোঁজখবর নেন। লন্ডনের দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিতে ঩ফেলিক্স প্রজেক্ট রয়েছে। তাতে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসও যুক্ত। সেই প্রকল্প নিয়ে কথাবার্তা বলেছেন তাঁরা। এছাড়া, প্যারিসেও স্বামী নারায়ণ মন্দির তৈরি হচ্ছে। সেব্যাপারেও রাজা-রানিকে অবগত করা হয়। মন্দিরের প্রধান স্বামী যোগবিবেকদাস বলেন, নিসডিন মন্দিরে দু’জনকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি। অন্যদিকে, বিএপিএসের বিশ্বব্যাপী শাখার ধর্মীয় নেতা মহন্ত স্বামী মহারাজ ভারত থেকে  ভিডিও বার্তার মাধ্যমে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৫ সালে তৈরি হয় এই মন্দির। তারপর থেকে ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে। শিশু ও যুব কল্যাণ, প্রবীণদের জন্য একাধিক উদ্যোগ, স্বাস্থ্য ও ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ সমাজেও ইতিবাচক ছাপ ফেলেছে এই মন্দির।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ