


নয়াদিল্লি: ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ নিয়ে আগ্রহ দেখিয়েও পিছু হটল ব্রাজিল। এই ক্ষেপণাস্ত্র কিনতে প্রাথমিক কথাবার্তাও শুরু করেছিল প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার দেশ। কিন্তু, আর তারা ‘আকাশ’ চাইছে না। তার বদলে ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এনহ্যান্সড মডিউলার এয়ার ডিফেন্স (ইএমএডিএস)-ই মনে ধরেছে তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রাজিল সফরের মাঝে সিলভা সরকারের এই সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়েছে কেন্দ্র। তবে ভারতের থেকে উপকূলের নজরদারি ব্যবস্থা, গরুড় আর্টিলারি বন্দুক সহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে ব্রাজিল। সেইসঙ্গে সামরিক হার্ডওয়্যার তৈরিতে দু’দেশ হাত মিলিয়ে কাজ করার ব্যাপারেও সম্মত হয়েছে।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আমেরিকার এই দেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্রাসিলিয়ায় ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলার সঙ্গে বৈঠক করেছেন মোদি। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১২.২০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরের এই অঙ্ককে ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছেন মোদি ও লুলা। বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। এর নেপথ্যে রয়েছে দু’দেশের একে অন্যের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস। বৈঠকের পর মোদিকে ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেন লুলা।
অপারেশন সিন্দুরে কার্যকরী ভূমিকা নিয়েছিল আকাশ ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান ধ্বংসে এর জুড়ি মেলা ভার। সূত্রের খবর, ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমের পরাক্রম মনে ধরেছিল ব্রাজিলেরও। সম্প্রতি এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহও প্রকাশ করেছিল তারা। এরমধেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের মধ্যেই আকাশ নিয়ে দু’দেশের মধ্যে বড়সড় চুক্তি হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্তু, তাতে জল ঢেলে ইতালির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকেই ঝুঁকল ব্রাজিল।