Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বোমা মিজানের সহযোগী জঙ্গির ৮ বছর কারাদণ্ড

জেএমবি জঙ্গি বোমা মিজানের সহযোগী দিলবার হোসেন এবার কোর্টে দোষ স্বীকার করে সাজা পেল। ২০১৮ সালে কলকাতার বুকে সে নাশকতার চেষ্টা করেছিল।

বোমা মিজানের সহযোগী জঙ্গির ৮ বছর কারাদণ্ড
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেএমবি জঙ্গি বোমা মিজানের সহযোগী দিলবার হোসেন এবার কোর্টে দোষ স্বীকার করে সাজা পেল। ২০১৮ সালে কলকাতার বুকে সে নাশকতার চেষ্টা করেছিল। যদিও এসটিএফের তৎপরতায় তা ব্যর্থ হয়। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে ধৃত এই অপরাধী আরো একাধিক নামে পরিচিত—উমর, নুরুল, আলি হাসান প্রভৃতি। সোমবার কলকাতা নগর দায়রা আদালত (বিচারভবন) তাকে আটবছরের সশ্রম কারাদণ্ড দিল। মুখ্য বিচারক সুকুমার রায় ওই আদেশ দিয়েছেন। তাকে ৩০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে। অনাদায়ে হাজতবাস করতে হবে আরো তিনমাস। অন্যান্য অপরাধেও তার পৃথক পৃথক সাজা হয়। তবে আদালতের মন্তব্য, দোষী সাব্যস্ত ওই অপরাধীর বিরুদ্ধে সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফারক এবং ইউএপিএ আইনে মামলা চলেছে। 

Advertisement

আদালত সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যে ১২ জন জঙ্গির সাজা হয়েছে। বাকি নয়জনের মধ্যে চারজন জামিনে এবং পাঁচজন জেলে আছে। প্রেসিডেন্সি জেলে বন্দি পাঁচজনের মধ্যে একজন হল এই দিলবার। শুনানি চলাকালে আইনজীবীর মাধ্যমে দিলবার সম্প্রতি আদালতকে জানায়, সে দোষ কবুল করতে চায়। তাই তার সাজা যেন কম হয়। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাকে দোষীই সাব্যস্ত করেন। অতঃপর দিলবারের নামে সাজাও ঘোষণা করা হয়। যদিও ধৃতের আইনজীবী ফজলে আহমেদ খানের দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ