Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তার পাশে গলাকাটা মৃতদেহ, মদের আসরে খুনের অভিযোগ

রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক মাঝবয়সি ব্যক্তির গলাকাটা দেহ। তাঁর নাম পরিচয় জানা যায়নি। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মদের বোতলের ভাঙা অংশ, ঠান্ডা পানীয়ের বোতল ও প্লাস্টিকের গ্লাস, এছাড়া একটি কাপড়ের ব্যাগ।

রাস্তার পাশে গলাকাটা মৃতদেহ, মদের আসরে খুনের অভিযোগ
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক মাঝবয়সি ব্যক্তির গলাকাটা দেহ। তাঁর নাম পরিচয় জানা যায়নি। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে মদের বোতলের ভাঙা অংশ, ঠান্ডা পানীয়ের বোতল ও প্লাস্টিকের গ্লাস, এছাড়া একটি কাপড়ের ব্যাগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের ষাট কলোনি এলাকা সংলগ্ন কাঠের সাঁকোর কাছে। 

Advertisement

পথ চলতি মানুষ দেহ পড়ে থাকতে দেখে বারুইপুর থানায় খবর দেয়। বাসিন্দারা খবর পেয়ে ভিড়  জমান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই ব্যক্তির দেহের ছবি তুলে আশপাশের থানায় পাঠিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক বয়স ৩৬। প্রাথমিক তদন্তে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মাথার পিছনেও আঘাত আছে। ঘটনার তদন্ত চলছে। এই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
যেখানে দেহ উদ্ধার হয়েছে, সেই রাস্তার পাশ দিয়ে খাল বয়ে গিয়েছে। এই রাস্তা ধরেই পিয়ালি, চম্পাহাটি থেকে শুরু করে ঘুটিয়ারী শরিফ, সোনারপুর যাওয়া যায়। বাসিন্দারা বলেন, এলাকায় মদ্যপানের আসর বসেছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে। দেহের পাশ থেকে মদের বোতলের ভাঙা অংশ  ও ঠান্ডা পানীয়ের বোতল উদ্ধার হয়েছে। মদের আসরে বচসা থেকেই এই খুন বলে অনুমান। স্থানীয়দের অভিযোগ, প্রায় সময় এই নির্জন রাস্তার ধারে মদ্যপানের আসর বসে। সন্ধ্যার পর রাস্তা ধরে যাতায়াত করা যায় না। 
স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানালেও কাজ হয়নি। বাসিন্দারা আরও বলেন, এই রাস্তার পাশে যত্রতত্র হোটেল, রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। বহিরাগতদের যাতায়াত লেগে রয়েছে। পুলিশের আরও নজরদারি প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ