Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

স্পনসরশিপ থেকে বোর্ডের লক্ষ্য ৫০০ কোটি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি কে হবেন? শোনা যাচ্ছে অনেকের নাম। এমনকী, তারকা ক্রিকেটারের নামও ভাসছে।

স্পনসরশিপ থেকে বোর্ডের লক্ষ্য ৫০০ কোটি
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সভাপতি কে হবেন? শোনা যাচ্ছে অনেকের নাম। এমনকী, তারকা ক্রিকেটারের নামও ভাসছে। তবে কোনওকিছুই চূড়ান্ত হয়নি। লোধা কমিশনের সুপারিশ মতো বয়সজনিত কারণে রজার বিন্নি পদত্যাগ করার পর সহ-সভাপতি রাজীব শুক্লা অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি নিজেও আগ্রহী সভাপতি হতে। ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই ঘোষিত হবে সভাপতির নাম। পরবর্তী আইপিএল চেয়ারম্যানের নামও জানা যাবে ওই দিন। কারণ, ছয় বছর পদাধিকারী থাকার পর লোধা কমিশনের সুপারিশ মতো এবার বাধ্যতামূলক ‘কুলিং অফ’-এ যাওয়ার কথা অরুণ ধুমালের। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার অবশ্য সেই সমস্যা নেই।

Advertisement

এদিকে, এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে নামছে ভারতীয় দল। ড্রিম-ইলেভেন সরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার স্পনসরশিপের বেস প্রাইস বাড়াচ্ছে বিসিসিআই। দ্বিপাক্ষিক সিরিজের কোনও ম্যাচের জন্য তা হতে চলেছে ৩.৫ কোটি টাকা। আর বহুদেশীয় আসরে অঙ্কটা ম্যাচপিছু ১.৫ কোটি টাকা। টাইটেল স্পনসর হিসেবে ড্রিম-ইলেভেনের জমানায় যা ছিল যথাক্রমে ৩.১৭ ও ১.১২ কোটি। অর্থাৎ, দ্বিপাক্ষিক সিরিজে প্রায় ১০ শতাংশ এবং বহুদেশীয় আসরে ৩ শতাংশ বৃদ্ধি পাচ্ছে স্পনসরশিপ দর। আগামী তিন বছরের জন্য নতুন স্পনসর খুঁজছে বোর্ড। এই সময়ে রয়েছে প্রায় ১৩০টি ম্যাচ। তারমধ্যে পরের বছর টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপও থাকছে। আন্দাজ করা হচ্ছে যে, এই তিন বছরে বোর্ডের ঘরে উঠবে প্রায় ৫০০ কোটি টাকা। নতুন স্পনসরের জন্য বিড শুরু হবে ১৬ সেপ্টেম্বর।

Advertisement
সম্পর্কিত সংবাদ