নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবারই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানিয়েছে, চার মাসের মধ্যে ইপিএফের বেতন সীমা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্টের ওই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দ্বারস্থ হল সংঘের শ্রমিক শাখা বিএমএস। ইপিএফ এবং ইএসআই পরিষেবা পাওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ব্যাপারে যেমন দাবি জানিয়েছে বিএমএস। তেমনই মাসে ইপিএফের ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়ানোর ব্যাপারেও স্মারকলিপি দিয়েছে সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতের নেতৃত্বে এক প্রতিনিধি দল।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার এসংক্রান্ত এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং অতুল এস চন্দুরকরের বেঞ্চ জানিয়েছে, ১১ বছরে ইপিএফের ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমায় কোনও পরিবর্তন হয়নি। আগামী চার মাসের মধ্যে এব্যাপারে কেন্দ্রকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জনস্বার্থ মামলার আবেদনে বলা হয়, মূল্যবৃদ্ধির আবহে ইপিএফ প্রাপ্তির জন্য নির্ধারিত বেতন ঊর্ধ্বসীমা একেবারেই অযৌক্তিক। ইপিএফে মাসে ১৫ হাজার টাকা বেতনের ঊর্ধ্বসীমাই বাড়ানোর দাবিতে সরব হয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। ইএসআইয়ের ক্ষেত্রে বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা মাসে ২১ হাজার টাকা।