নয়াদিল্লি: রাজধানী দিল্লির নতুন মেয়র নির্বাচিত হলেন বিজেপি নেতা সর্দার রাজা ইকবাল সিং। ডেপুটি মেয়রও হয়েছেন পদ্মশিবিরের জয় ভগবান যাদব। শুক্রবার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মনদীপ সিংকে পরাজিত করেন ইকবাল সিং। কংগ্রেস অবশ্য বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় ছিল না। হাত শিবিরের মাত্র আটজন কাউন্সিলার রয়েছে। তাছাড়া মেয়র নির্বাচন বয়কট করার কথা আগেই ঘোষণা করেছিল আম আদমি পার্টি (আপ)। দেখা যায়, ইকবাল সিং পেয়েছেন ১৩৩টি ভোট। মেয়র হয়ে ইকবাল সিং জানিয়েছেন, দিল্লি পুরসভাকে দুর্নীতি মুক্ত করাই হবে তাঁর লক্ষ্য। এছাড়া স্যানিটেশন সিস্টেমকে উন্নত করে তোলা হবে। জল জমা সমস্যা দূরীকরণ এবং আবর্জনার পাহাড় সরানো হবে। দিল্লি পুরসভায় মোট আসন সংখ্যা ২৫০। বর্তমানে ২৩৮ জন কাউন্সিলার রয়েছেন। কাউন্সিলরদের মধ্যে একজন সাংসদ এবং ১১ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই কারণে ১২টি আসন ফাঁকা রয়েছে। ২০২২ সালে দিল্লি পুরসভার নির্বাচনে বিজেপির ১০৪ জন কাউন্সিলার ছিল। গত বিধানসভা ভোটে দিল্লি দখলের পর বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১১৭। অন্যদিকে আপের কাউন্সিলারের কমে হয়েছে ১১৩। হাত শিবিরের রয়েছে মাত্র আটজন কাউন্সিলার। যে কারণে সহজেই জয় পায় পদ্মশিবির।



