নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিশ্ববাংলা সেরা পুজোর বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হল শনিবার। চুঁচুড়ার রবীন্দ্রভবনে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন প্রশাসনের কর্তারা। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজসচেতনা, এই চারটি বিভাগে চার থেকে পাঁচটি পুজোকে পুরস্কার দেওয়া হয়েছে।
সেরা পুজোর পুরস্কার পেয়েছে চন্দননগরের বাগানবাটি সর্বজনীন, চন্দননগরেরই তালদহ নবোদয় সঙ্ঘ, শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লি সর্বজনীন ও চুঁচুড়ার বিবেকানন্দ রোড সর্বজনীন। এরমধ্যে শ্রীরামপুরের পুজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার পুজোর মুখ্য উদ্যোক্তা চুঁচুড়া পুরসভার কাউন্সিলার ইন্দ্রজিৎ দত্ত। সেরা মণ্ডপসজ্জায় পুরস্কার জিতেছে চণ্ডীতলার নবজাগরণ সঙ্ঘ। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়। ওই বিভাগেই পুরস্কার পেয়েছে শ্রীরামপুরের সিংটি দেশবন্ধু যুবক সঙ্ঘ, চন্দননগরের অগ্রণী সর্বজনীন, চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব ও চন্দননগরের নবগ্রাম সর্বজনীন। সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে চন্দননগরের আমার বাড়ি পুজো, জেলা সদরের দশঘড়া বাজারপাড়া, চন্দননগরের বড়বাজার মেরিপার্ক, চন্দননগরের অরবিন্দ পল্লি এবং শ্রীরামপুরের গোস্বামী পাড়া সর্বজনীন। সমাজ সচেতনতার বার্তা দেওয়ার নিরিখে পুরস্কার পেয়েছে আরামবাগের খানাকুলের ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র, চন্দননগরের গোস্বামীঘাট সর্বজনীন, শ্রীরামপুরের চাতরা গোদারবাগান ও আরামবাগের দুই’য়ের পল্লি কল্যাণ সমিতি। চারটি বিভাগেই সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে চন্দননগরের পুজো কমিটি।