সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এনভিডিয়া! কেন? কারণ, এআই চিপসের ৮০ শতাংশ মার্কেট শেয়ার তাদের দখলে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ডেটা সেন্টারগুলিতে সবথেকে বেশি ব্যবহৃত হয় এনভিডিয়া চিপস। আবার মাইক্রোসফট ছাড়াও এআই সংক্রান্ত যে-কোনো সভা সমাবেশ সেমিনার অসম্পূর্ণ। কারণ, ওপেনএআই সহ এই জগতে সবথেকে বেশি লগ্নি এই কোম্পানিরই। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের এআই সম্মেলনে অনুপস্থিত রইলেন এই দুই প্রধান সংস্থার কর্ণধার। কিন্তু কেন? সেটাই এখন জল্পনার সবথেকে বড় কারণ। দু’জনের সংস্থাই অবশ্য ভারতে বিপুল লগ্নির ঘোষণা করেছে এআই সম্মেলনে দাঁড়িয়ে। এনভিডিয়ার প্রতিষ্ঠাতা-সিইও জেনসেন হুয়াং আগে বলেছিলেন আসবেন। কিন্তু পরে জানিয়ে দেন, তিনি আসছেন না। কিন্তু বৃহস্পতিবার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্মেলনে এলেন না কেন? তাঁর সঙ্গে ভারতের সম্পর্ক নিছক লগ্নির নয়, সমাজসেবারও। সুতরাং বিল গেটসের না আসা নিয়ে দুনিয়াজুড়ে গুঞ্জন চলছে। প্রধান যে কারণের দিকে অঙ্গুলিহেলন করা হচ্ছে সেটি হল, বিতর্কিত এপস্টাইন ফাইলে তাঁর নাম ও আপত্তিকর ছবির প্রকাশ। ভারতে প্রকাশ্যে সম্মেলনে এলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সম্ভাবনা এড়াতেই কি তাঁর এই না আসার সিদ্ধান্ত? এদিন গেটস ফাউন্ডেশনের বিবৃতিতে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে ভারতকে কমবেশি সন্তুষ্ট থাকতে হল গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে নিয়ে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন।



