মুম্বই, ১১ ফেব্রুয়ারি: নামিবিয়া ম্যাচের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়া শিবিরে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিষেক শর্মা। জানা যাচ্ছে, পেটে সংক্রমণ হয়েছে তাঁর। টি-২০ বিশ্বকাপে আমেরিকার সঙ্গে ম্যাচের আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। তবে এবার পেটের সংক্রমণের পাশাপাশি প্রবল জ্বর হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ফলে আসন্ন ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। কারণ হাসপাতাল থেকে কবে তাঁকে ছাড়া হবে এই বিষয়ে নিশ্চিত করে আপাতত কিছুই বলা যাচ্ছে না। একাধিক শারীরিক পরীক্ষাও করা হয়েছে অভিষেকের।



