নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের প্রত্যেক বিধানসভা আসনভিত্তিক একজন করে ভারপ্রাপ্ত নেতা নিয়োগের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। ওই দায়িত্বপ্রাপ্ত নেতার কৌশল মেনেই সেই বিধানসভা কেন্দ্রের যাবতীয় কাজকর্ম হবে। ছাব্বিশের সেই ভোটের আগে এবার বাংলার জন্য বিশেষ পরিকল্পনা করছে গেরুয়া শিবির। এক্ষেত্রে প্রধানত জোর দেওয়া হবে মহিলা কর্মীদের উপরই। মূলত বিজেপির মহিলা নেত্রীদেরই বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্রে এই খবর জানানো হয়েছে। আগামী বছর বাংলার নির্বাচনে মহিলা ভোটব্যাঙ্কের উপর বিশেষ নজর দিতে চাইছে বিজেপি। সেই কারণে অধিকাংশ ক্ষেত্রে মহিলা নেত্রীদের উপর বিধানসভা আসনের দায়িত্ব দিয়ে সেই জমি তৈরি করতে মরিয়া হয়েছে দল।



