লন্ডন, ১৪ জুলাই: লর্ডসে জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। টিম ইন্ডিয়াকে ২২ রানে হারাল রুটরা। ফলে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। অথচ এই সুবর্ণ সুযোগ ছিল গিলদের কাছেই। কিন্তু যশস্বী,পন্থদের ব্যাটিং ব্যর্থতার জেরে সুযোগ কাজে লাগাল স্টোকসরা।
গতকাল, রবিবার ভারত ব্যাট করতে নামার আগে পর্যন্ত অনেকেই মনে করছিলেন ম্যাচে এগিয়ে রয়েছে গিলরাই। কিন্তু চতুর্থ দিনে মাত্র ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপে হুড়মুড় করে ধস নামে। শুরুতেই ০ রানে আউট হয় যশস্বী জয়সওয়াল, ১৪ রানে করুণ নায়ার এবং শুভমান গিল আউট হন ৬ রানে। একেবারে শেষে ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে মাঠে নামা আকাশদীপও ফিরে যান ০ রানে।
এরপর আজ, সোমবার ম্যাচের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৩৫ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। এদিন খেলা শুরু হতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানে আউট হন ব্যাটার ঋষভ পন্থ। ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান ওয়াশিংটন সুন্দর। এমনকী মাত্র ১৩ রানে ড্রেসিংরুমে ফেরেন নীতিশ কুমার রেড্ডিও। কিছুটা লড়াই করেছিলেন কেএল রাহুল। তাঁর সংগ্রহ ৩৯ রান। তবে মাটি কামড়ে ক্রিজে লড়াই করেছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। ৬১ রানে অপরাজিত থাকেন। বুমরাহ তাঁকে দীর্ঘক্ষণ যোগ্যসঙ্গত দিলেও শেষরক্ষা হয়নি। ৫৪ বলে ৫ রান করে আউট হন তিনি। শেষে ৪ রানে সিরাজ আউট হতেই জয়ের সমস্ত আশা শেষ হয়ে যায়। ভারতকে হারিয়ে ২২ রানে লর্ডস টেস্ট জিতে নেয় স্টোকসরা।