মোট দু’লক্ষেরও বেশি কর্মচারী নিযুক্ত রয়েছেন ভারতীয় স্টেট ব্যাঙ্কে। এই কর্মী সংখ্যার মাত্র ২৭ শতাংশ মহিলা। আর সেটাই এবার বাড়িয়ে তুলতে চায় এসবিআই। ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার পোলুদাসু এই কথাই বলেছেন। তাঁর মতে, আন্তরিকতা, মধুর ব্যবহার ও কাজ শেখার ইচ্ছে মহিলাদের মধ্যে প্রবল। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই বেশি সংখ্যক মহিলা কর্মী নিয়োগের কথা ভাবছে এসবিআই। মহিলাদের এই কাজে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথাও ভাবা হয়েছে। সদ্য মা হয়েছেন এমন মহিলাদের জন্য বাচ্চার ক্রেশের ব্যবস্থা থাকবে। ক্রেশ হবে অফিস সংলগ্ন। ফলে নিজস্ব আয়া নিয়ে এসে বাচ্চাকে সেই ক্রেশে রাখতে পারবেন মা। এক্ষেত্রে বাচ্চার ফিডিং টাইম নিয়েও কোনও সমস্যা হবে না। এছাড়া কোনও মহিলার যদি প্রয়োজন হয়, কাজের ক্ষেত্রে যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে তাঁর সঙ্গে তাঁর পরিবারেরও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে এসবিআই-এর তরফে। কাজে কোনও সমস্যা যাতে না হয় সেদিকেও সম্পূর্ণ সহায়তা করা হবে। মহিলারা এমন কাজের সুযোগ পাবেন যেখানে অযথা পক্ষপাতের শিকার তাঁদের হতে হবে না। কিছু বিশেষ দক্ষতা অনুযায়ী তাঁদের নির্দিষ্ট ট্রেনিংও দেওয়া হবে। তাঁরা যাতে খুশি মনে কাজ করতে পারেন সেদিকেও খেয়াল রাখবে কর্তৃপক্ষ। এই সব সুযোগ সুবিধার ফলে আগামী ২০৩০ সালের মধ্যে মহিলা কর্মীর সংখ্যা বেড়ে ৩৩ শতাংশতে পৌঁছবে বলেই আশাবাদী স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।



