বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা অসমে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। মঙ্গলবার সকালে অসমের দক্ষিণ সালমারা মানকাছাড় জেলার ঠাকুরানবাড়ি এলাকায় ১৪ জন বাংলাদেশির ভারতে অনুপ্রবেশে বাধা দেয় বিএসএফ। এরপরই বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। জানা গিয়েছে, ভারতে অনুপ্রবেশে বাধা দিলে বিজিবির সঙ্গে বাংলাদেশের লোকজনও জড়ো হয়। বিজিবি শুধু বচসাতেই থেমে থাকেনি। বরং জিরো লাইন বা নো ম্যানস ল্যান্ডেও ঢুকে পড়ে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ করেই কয়েকশো বাংলাদেশি বিজিবির সমর্থনে জিরো লাইনে চলে আসে। সূত্রের খবর, তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি সামাল দিতে শূন্যে চারটি গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।



