Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল নথি দিয়ে মৃতের নামে বাংলাদেশির ইনিউমারেশন ফর্ম জমা, ধৃত আরও এক

মৃতের ইনিউমারেশন ফর্ম পূরণ করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ডানকুনির গোবরার বাসিন্দা রবীন চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করে।

জাল নথি দিয়ে মৃতের নামে বাংলাদেশির  ইনিউমারেশন ফর্ম জমা, ধৃত আরও এক
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মৃতের ইনিউমারেশন ফর্ম পূরণ করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ডানকুনির গোবরার বাসিন্দা রবীন চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার মৃতের ইনিউমারেশন ফর্ম পূরণ করার ঘটনায় বাংলাদেশের বাসিন্দা নাদিম শেখ ওরফে নাদিম সর্দারকে ডানকুনি থানার পুলিশ গ্রেফতার করেছিল। জিজ্ঞাসাবাদে নাদিম জানিয়েছিল, সে প্রায় ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছে। ২০১৮ সালে তাকে জাল নথি পেতে সাহায্য করেছিল গোবরার রবীন। তার বিনিময়ে প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়েছিল সে। ওই বয়ানের ভিত্তিতে শুক্রবার রবীনকে গোবরা থেকে গ্রেফতার করা হয়। দু’জনকেই এদিন শ্রীরামপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

পাশাপাশি, এই ঘটনায় ডানকুনির মথুরডাঙি এলাকার বিএলওর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মথুরডাঙির বাসিন্দা মৃত মহসিন খানের ইনিউমারেশন ফর্ম জোগাড় করার পরিকল্পনা নাদিম আগেই করেছিল। সেইমতো তক্কে তক্কে ছিল সে। বিএলও ফর্ম বিলি করতে এলে সে আগবাড়িয়ে তাঁকে সাহায্য করতে যায়। বিএলও ওই এলাকাটি ভালো চিনতেন না। ফলে, নাদিমের সাহায্য তাঁর কাজে লাগে। সেই সময় সুযোগ বুঝে নাদিম তাঁর কাছ থেকে মহসিনের ইনিউমারেশন ফর্ম নিয়ে নেয়। বিএলও শুক্রবার জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে মহসিনের ছবির কিছুটা মিল ছিল। নিজেকে সে মহসিন বলেই পরিচয় দিয়েছিল। আমি তাঁকে ফর্ম দিলেও নথিগুলি আমার মোবাইলে পাঠাতে বলেছিলাম। 
নাগরিকদের একাংশের প্রশ্ন, মহসিনের পরিবারের অন্য সদস্যরা ওই পাড়াতেই থাকেন। তাঁদের সঙ্গে কথা না বলে অন্য লোককে ফর্ম দিয়ে অন্যায় করেছেন ওই বিএলও। পরিবারের বাইরের কেউ যখন ফর্ম চাইছেন, তখন তাঁর সন্দেহ হওয়া উচিত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডানকুনিতে শাসক-বিরোধী রাজনৈতিক দলের তরজা তুঙ্গে উঠেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ