ঢাকা: চিন্ময় কৃষ্ণদাসের জামিন নিয়ে ফের প্রহসন বাংলাদেশে! চিন্ময়ের জেলমুক্তি আটকাতে এবার আইনজীবী খুনের মামলায় তাঁকে গ্রেপ্তারে সম্মতি দিল চট্টগ্রামের আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু সঙ্গে সঙ্গে জামিন স্থগিতের আবেদন জানিয়ে অন্য বিচারপতির এজলাসে আবেদন করে সরকারপক্ষ। সেই আবেদন গৃহীত হওয়ায় সেদিন চিন্ময় আর জামিন পাননি। সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পক্ষ চট্টগ্রামের মেট্রোপলিটন আদালতে আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তারের জন্য আবেদন করে। আদালত সেই আবেদন মেনে নেওয়ায় বাংলাদেশ সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্রকে ফের জেলেই থাকতে হবে।
গত বছরের নভেম্বরে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারির পর চিন্ময় কৃষ্ণদাসকে চট্টগ্রামের আদালতে পেশ করা হয়েছিল। সেদিন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হন সইফুল ইসলাম নামে এক আইনজীবী। সেই মামলাতেই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন উঠছে, বন্দি অবস্থায় চিন্ময় কীভাবে একজনকে খুনের সঙ্গে যুক্ত থাকতে পারেন? জল্পনা আরও বেড়েছে মৌলবাদীদের ভূমিকায়। চিন্ময়ের জামিনের সম্ভাবনা তৈরি হতেই মৌলবাদীদের একাংশ তাঁকে সইফুল খুনের মামলায় গ্রেপ্তার করতে হবে বলে রাস্তায় নেমেছিল। তার একদিন পরেই আদালত গ্রেপ্তারির নির্দেশ দিল। সরকারি আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরি জানিয়েছেন, নিরাপত্তার কারণে খুনের মামলার শুনানি ভার্চুয়ালি হবে। জেল থেকেই তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে। মঙ্গলবার থেকেই শুনানি শুরুর সম্ভাবনা। চিন্ময়ের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও চট্টগ্রাম কোতয়ালি থানায় পুলিস ও আইনজীবীদের উপর হামলা, বিচারকাজে বাধা ও আদালত চত্বরে বিশৃঙ্খলা তৈরির জন্য তিনটি মামলা চলছে। চলতি সপ্তাহেই এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।