লখনউ: ২৩ মাস পর জেল থেকে ছাড়া পেলেন সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা আজম খান। মঙ্গলবার সীতাপুর জেল থেকে বের হন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী। পরনে সাদা কুর্তা ও কালো ওয়েস্টকোট। ছেলের সঙ্গেই গাড়িতে চেপে বেরিয়ে যান। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁকে স্বাগত জানাতে জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন শতাধিক কর্মী-সমর্থক। জমি জবরদখল সহ একাধিক মামলায় ২০২৩ সালে জেলে যেতে হয়েছিল তাঁকে। এদিন আজম খানের জেলমুক্তির পর উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে সরব হলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর কথায়, আজম খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। অবশেষে ন্যায়বিচার মিলল। গত সপ্তাহে সরকারি সম্পত্তি নষ্টের মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়।
২০০৮ সালে বিবাদের জেরে আজম খানের গাড়ি থেকে হুটার খুলে নিয়েছিল পুলিশ। তারপরই ছাজলেট থানা এলাকায় বিক্ষোভ দেখিয়েছিলেন সপা নেতা ও তাঁর কর্মী-সমর্থকরা। রাস্তা অবরোধ করা হয়। বহু সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও ওঠে। এর জেরে আজম খানের বিরুদ্ধে মামলা শুরু হয়।
এদিন আজম খানের জেলমুক্তির পর সরব হয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘ন্যায়বিচার মিলল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে আজম খানের বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি দলে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই আজ আনন্দের দিন।’
যদিও সপা’র এই সংখ্যালঘু নেতার পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল তুঙ্গে। আজম জেলে থাকার সময় দলের উদাসীনতা নিয়ে মুখ খুলেছিলেন তাঁর স্ত্রী তাজিন ফতিমা। এই পরিস্থিতিতে মায়াবতীর বিএসপিতে আজমের যোগদানের জল্পনা ছড়িয়েছে। জেলের বাইরে বেরিয়ে দশবারের বিধায়ক ও দু’বারের সাংসদ এসংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সপার প্রতি কোনও অসন্তোষ তাঁর নেই বলেও জানিয়েছেন আজম। যদিও এতে জল্পনার আগুনে জল পড়ছে না।