সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুই দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক অটো চালক। বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জখম অবস্থায় ভর্তি রয়েছেন অটো চালক অঞ্জন বর্মন। তাঁর বাড়ি আলিপুরদুয়ার রেলওয়ে জংশন এলাকায়। পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার মাঝরাতে কালচিনির গরমবস্তি এলাকা সংলগ্ন ৩১-সি জাতীয় সড়কে। জানা গিয়েছে, কালচিনির নিমতি চৌপথি যাবে বলে গতকাল রাতে জংশন স্টেশন থেকে যাত্রী সেজে অঞ্জনবাবুর অটোটি ভাড়া করে ওই দুই দুষ্কৃতী। এরপর অটোটি বক্সার জঙ্গলঘেরা দমনপুর ছাড়িয়ে গরমবস্তিতে আসতেই দুই দুষ্কৃতী ছুরির কোপ বসিয়ে দেয় অটো চালকের গলায়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রনায় চিৎকার করতে থাকেন অঞ্জনবাবু।



