নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ট্রাফিক পুলিসের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায়। শুক্রবার দুপুরে চুঁচুড়ার জেলা সদর হাসপাতালের কাছেই ওই ঘটনা ঘটে। কয়েকজন কিশোর ও যুবককে হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালাতে দেখে এক ট্রাফিক পুলিসকর্মী তাঁদের আটকান। অভিযোগ, তারপরেই ওই যুবকরা পুলিসকর্মীর উপর চড়াও হন। প্রকাশ্য রাস্তায় পুলিসকর্মীর নিগ্রহ ঘিরে হইচই পড়ে যায়। হামলার মুখে বিপর্যস্ত ওই ট্রাফিক কর্মীকে উদ্ধার করতে সাধারণ মানুষ এগিয়ে আসেন। পরে চুঁচুড়া থেকে পুলিস বাহনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ততক্ষণে অবশ্য ব্যস্ততম হাসপাতাল রোডে রীতিমতো যানজট শুরু হয়ে যায়। তাতে অফিস টাইমে এবং হাসপাতালমুখী যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।



