চণ্ডীগড় ও তিরুবনন্তপুরম: আজ সোমবার চার রাজ্যের পাঁচ বিধানসভা উপনির্বাচনের ফল। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, কেরলের নিলাম্বুর, গুজরাতের বিসাবাদর ও কাদি এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জ। সকাল আটটা থেকেই শুরু হচ্ছে ভোট গণনা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগেই জানিয়েছিলেন, এবারের নির্বাচনী লড়াই অহঙ্কার ও ঔদ্ধত্যের বিরুদ্ধে। সেইসূত্রে লুধিয়ানা পশ্চিম আসনে আম আদমি পার্টি ও কংগ্রেসের লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য। ক্ষমতা দখলে মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে আপ। অন্যদিকে পাঞ্জাবের শহুরে এলাকায় নিজেদের হারানো ক্ষমতা ফিরে পেতে মরিয়া হাত শিবির। দু’দলের লড়াইয়ে ভাগ্য ফেরাতে মুখিয়ে রয়েছে বিজেপিও।
নজর থাকবে কেরালার নিলাম্বুর বিধানসভা উপনির্বাচনের দিকেও। ছাব্বিশেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ক্ষমতাসীন এলডিএফ, ইউডিএফ ও এনডিএ-র কাছে এটাই লিটমাস টেস্ট। এক্ষেত্রে নিলাম্বুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আর্যদান শৌকথকে দাঁড় করিয়েছে কংগ্রস নেতৃত্বাধীন ইউডিএফ। এলডিএফের হয়ে লড়ছেন এম স্বরাজ। বাম-কংগ্রেসকে টেক্কা দিতে বিজেপির প্রার্থী আইনজীবী মোহন জর্জ। তবে এই লড়াইয়ে ‘সারপ্রাইজ এন্ট্রি’ তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার পি ভি আনভার। এর আগে এই আসন থেকেই দু’বার জিতেছেন আনভার।
গুজরাতের দুই কেন্দ্রেও এবার ত্রিমুখী লড়াই। একদিকে শাসক বিজেপি। অন্যদিকে বিরোধী শিবির আপ ও কংগ্রেস। এই দুই দলের জোট না হওয়ার বিজেপি ফায়দা তুলতে পারে। বিসাবাদর কেন্দ্রে আপ জয়ী হয়েছিল। কিন্তু বিধায়ক দলবদলে বিজেপিতে চলে যাওয়ায় সেখানে ভোট হচ্ছে। আর কাদি বিজেপিরই আসন। তাই সেখানে এমনিতেই জেতার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির।