গুয়াহাটি: স্পেশাল রিভিশনের (এসআর) পর মঙ্গলবার প্রকাশিত হল অসমের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম ছিল এমন ২ লক্ষ ৪৩ হাজারের বেশি ভোটারের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ভোটারের। এর মধ্যে প্রায় ১ কোটি ২৫ লক্ষ পুরুষ, ১ কোটি ২৪ লক্ষ মহিলা এবং ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। যা খসড়া তালিকা থেকে ০.৯৭ শতাংশ কম। মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল ২ কোটি ৫২ লক্ষ ভোটারের। ২৭ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে তালিকা সংক্রান্ত বিভিন্ন দাবি ও অভিযোগ পর্যালোচনা করার পর চূড়ান্ত তালিকায় আরও প্রায় আড়াই লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



