Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এশিয়ান চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ কোরিয়া পাড়ি দিলেন জয়নগরের জিমন্যাস্ট বিদিশা

ছোট থেকেই জিমন্যাস্টিকে সাফল্য পেয়ে আসছেন জয়নগরের মেয়ে বিদিশা। জেলা থেকে রাজ্য, এমনকী জাতীয় এবং  আন্তর্জাতিক স্তরেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ কোরিয়া পাড়ি দিলেন জয়নগরের জিমন্যাস্ট বিদিশা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ছোট থেকেই জিমন্যাস্টিকে সাফল্য পেয়ে আসছেন জয়নগরের মেয়ে বিদিশা। জেলা থেকে রাজ্য, এমনকী জাতীয় এবং  আন্তর্জাতিক স্তরেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এবার ‘ইন্ডিয়ান ওমেন্স জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দক্ষিণ কোরিয়ায় গেলেন বিদিশা। আগামী ১৩ থেকে ১৫ জুন তাঁর খেলা রয়েছে।

Advertisement

জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন। বাবা দক্ষিণা গায়েন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। মা বন্দনা মণ্ডল গায়েন একসময় জিমন্যাস্টিকে জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। তিনি বলেন, ‘ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকে পারদর্শী বিদিশা। স্থানীয় সৃজনী ক্লাবের অতীশ জিমন্যাসিয়াম থেকে মেয়ের জিমন্যাস্টিকে হাতেখড়ি ওর। ৯ বছর বয়সে অন্ধ্রপ্রদেশে জাতীয় জিমন্যাস্টিকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবারও পদক নিয়েই দেশে ফিরবে বলে আশা করছি।’ বর্তমানে বিদিশা পূর্ব রেলে কর্মরত। জানা গিয়েছে, বিদিশা ছাড়াও এই রাজ্য থেকে ৫ জনের দল গিয়েছে দক্ষিণ কোরিয়ায়। জয়নগরের সৃজনী ক্লাবের সভাপতি গৌতম মুখোপাধ্যায় বলেন, ‘বিদিশা গায়েন জয়নগরের গর্ব। সৃজনী থেকে অনেক খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ আর পরিশ্রমের দৌলতে এই সাফল্য। আগামী দিনে অলিম্পিকেও অংশ নেবেন বিদিশা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ