নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান ছাড়ছেন আশিক কুরুনিয়ান। সূত্রের খবর, তাঁর পরবর্তী গন্তব্য বেঙ্গালুরু এফসি। উল্লেখ্য, ২০২২ সালে গার্ডেন সিটির ফ্র্যাঞ্চাইজি থেকেই মোহন বাগান কর্তারা তুলে নেন আশিককে। দীর্ঘমেয়াদী চুক্তি করা হয় ফুটবলারটির সঙ্গে। তবে তিন বছরের মধ্যেই ফের পুরনো ক্লাবেই ফিরছেন এই উইং হাফ। আসলে চোট কাটিয়ে অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও চেনা ছন্দে নেই আশিক। হোসে মোলিনার তারকাখচিত স্কোয়াডে সেভাবে ম্যাচ টাইমও পাননি। এমন পরিস্থিতিতে বাঁ পায়ের এই ফুটবলারটিকে নিয়ে উৎসাহ দেখায় বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, পর্যাপ্ত সুযোগ না পাওয়াই আশিকের ক্লাব বদলের প্রধান কারণ। তবে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট চুপচাপ বসে নেই। একজন উইং হাফকে সই করাতে মরিয়া সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। প্রথম পছন্দ হায়দরাবাদ এফসি’র আব্দুল রবি। আইএসএলে বেশ নজর কেড়েছেন তিনি। এশিয়ান গেমসেও জাতীয় দলের সদস্য ছিলেন দ্রুত গতির এই ফুটবলার। হায়দরাবাদ তাঁকে ছাড়তে নারাজ। তবে রবির এজেন্টের সঙ্গে জোরকদমে কথা চালাচ্ছে মোহন বাগান।
দলবদলের বাজারে মেহতাব সিং ও অভিষেক সিংয়ের চাহিদাও আকাশছোঁয়া। স্টপার পজিশন ছাড়াও উইং ব্যাকে খেলতে পারেন মেহতাব। তাঁকে ছাড়তে প্রথমে ৪ কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করেছিল মুম্বই। পরে টাকার অঙ্ক কমে দাঁড়ায় প্রায় সাড়ে ৩ কোটি। মোহন বাগান এই পাঞ্জাবি ফুটবলারকে পেতে আগ্রহী হলেও ট্রান্সফার ফি বাবদ এত বিশাল অর্থ খরচ করতে নারাজ। সূত্রের খবর, সুনির্দিষ্ট অফার পাঠিয়ে দেওয়া হয়েছে মুম্বইয়ের কাছে। আপাতত জল মাপছে দু’পক্ষই। পাশাপাশি লেফট উইং ব্যাকেও নতুন ফুটবলার রিক্রুট করতে চায় মোলিনা ব্রিগেড। শুভাশিস বসু গত আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার। কিন্তু দলে তাঁর ব্যাক-আপ নেই। সে জন্যই আরও দু’টি ক্লাবের মতো মোহন বাগানও পাঞ্জাব এফসির অভিষেক সিংকে পেতে আগ্রহী। কিন্তু সেখানেও ট্রান্সফার ফি’র জন্য বিশাল দর হাঁকিয়েছে পাঞ্জাব। সদ্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেক। এখনও লম্বা পথ বাকি। তাঁর জন্য প্রায় আড়াই কোটি ট্রান্সফার ফি শুনে অনেকেরই চোখ কপালে। আসলে জামশেদপুর থেকে ইতিমধ্যেই মোটা টাকা খরচ করে মহম্মদ উভেসকে সই করিয়েছে পাঞ্জাব। অভিষেককে রেকর্ড অর্থে বিক্রি করে তা পুষিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
এদিকে, আসন্ন ঘরোয়া লিগকে সামনে রেখে সোমবার অনুশীলনে নামছে মোহন বাগান। ক্লাবের মাঠ সংস্কারের কাজ চলায় প্রস্তুতি হবে যুবভারতীতে। ডেগি কার্ডোজোর দল ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন। সামনে এবার ঘরোয়া লিগের চ্যালেঞ্জ। উল্লেখ্য, লিগে একই গ্রুপে রয়েছে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল।