


মুম্বই, ১৩ এপ্রিল: আজ, সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের শেষকৃত্য। মুখাগ্নি করেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। এদিন সকাল থেকেই মুম্বইয়ের লোয়ার প্যারেলে ছিল অগুন্তি মানুষের ভিড়। আশা তাই-কে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউডের তারকারা। ছিলেন রাজনৈতিক এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও।
এদিন সকাল ১০টা থেকে প্রায় দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ডের বাড়িতে কাঁচের কফিনে জাতীয় পতাকায় মুড়ে শায়িত ছিল গায়িকার নশ্বর দেহ। পাশে রাখা ছিল সাদা ফুলের তোড়া। শ্রদ্ধা জানাতে সেখানে যান- রাকেশ রোশন, অনুরাধা পাড়ওয়াল, টাবু, এর আর রহমান, রীতেশ দেশমুখ, আশা পারেখ, নীল নীতীন মুকেশ, আশুতোষ গোয়ারিকার, জ্যাকি শ্রফ-সহ প্রমুখরা। এরপর বিকেল ৪টে নাগাদ শিবাজি পার্ক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আসেন সস্ত্রীক শচীন তেন্ডুলকারও। শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।